গণমাধ্যম ও অর্থনীতিবিদদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেছেন, আপনারা কিছুই দেখছেন না। আমার মনে হচ্ছে, আপনারা ঠিক করে ফেলেছেন অর্থনীতিকে নিচে নামাবেন। আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক ও মুদ্রা বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কমিটির সভা শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অর্থ-ব্যবস্থাপনায় যে ঝুঁকিগুলো আছে তা আমার বাজেট বক্তৃতায় বলেছি। আমি একটি তালিকাও দিয়েছি। ডেইলি স্টার পত্রিকা আমার অনুপস্থিতিতে ৩০টি ঝুঁকি চিহ্নিত করেছে যার ২৬টিই আমার, আর চারটি তাদের। তারা অর্থবছর পরিবর্তন করার কথা বলেছে। বর্তমান অর্থবছর আসলে পরিবর্তন হয়েছে পাকিস্তান আমলে। কারণ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আমাদের উন্নয়ন কাজগুলো হয়। আমরা ব্যর্থ হলে সেটা আমাদের ব্যর্থতা, অর্থবছরের নয়।’ভর্তুকি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কেউ বলে ভর্তুকি কমান আবার কেউ বলে ভর্তুকি কমালেন কেন।’ তিনি জানান, ভর্তুকি অবশ্যই ধাপে ধাপে কমিয়ে আনা হবে।