জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা আজ সন্ধ্যায় গান করবেন র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে। অনুষ্ঠানটি আয়োজন করেছে জন্টা ক্লাব অব ঢাকা। কথা হলো রুনা লায়লার সঙ্গে।আজকের অনুষ্ঠানটি আয়োজনের পেছনে কোনো কারণ আছে?হ্যাঁ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছে জন্টা ক্লাব অব ঢাকা ৩। এই শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের চিকিৎসা এবং নানা ধরনের কাজ করছে সংগঠনটি। এবার এই কাজের তহবিল গঠনের জন্য আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এ ধরনের চ্যারিটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমারও ভালো লাগছে।এই অনুষ্ঠানে আপনার স্বামী আলমগীরও থাকবেন?আলমগীর সাহেবকে তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন। সাধারণত তিনি আমার কোনো অনুষ্ঠানে গিয়ে মুগ্ধ শ্রোতার মতো গান শোনেন। কিন্তু আজকের অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হলো, শুরুটা তিনিই করবেন। শুরুতে কিছু কথা বলবেন, এরপর তিনিই আমাকে মঞ্চে আহ্বান জানাবেন। দেশের বাইরের কোনো অনুষ্ঠানে হয়তো তিনি এ কাজটি করেছেন, দেশের কোনো অনুষ্ঠানে এমনটা এর আগে হয়নি।অনেক দিন থেকে আপনার নতুন কোনো অ্যালবাম বের হচ্ছে না।অনেক কারণেই করা হয়নি। সবচেয়ে বড় কারণটি হলো, এখন পাইরেসি অডিও শিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাইরেসির আতঙ্কে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানই বড় বাজেটের কিংবা ভালো কোনো অ্যালবাম প্রকাশের ব্যাপারে আগ্রহী হচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নকল সিডি কিনবেন না। ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান, অন্যদিকে শিল্পী। আপনারা সবাই মূল অ্যালবামটি কিনুন।আপনি তো ভারতে অনেক অনুষ্ঠানে গান করেছেন।টাইমস অব ইন্ডিয়া সারা ভারতে সংগীত উৎসবের আয়োজন করে। এসব উৎসবে গান করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানায়। গত বছর এবং এ বছরের গোড়ার দিকে ভারতের বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই ও আহমেদাবাদে আমি গান করেছি। এ বছরও আগস্ট থেকে এই উৎসব আবার শুরু হবে। এবার গান করব হায়দরাবাদ ও দিল্লিতে। আরও দু-একটি জায়গায় হয়তো গাইতে হবে।