আপনারা ফাঁসিকাষ্ঠে দাঁড়াবেন না, এর নিশ্চয়তা নেই: সাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আবারও দাবি করেছেন, ’৭১-এর ২৯ মার্চ থেকে ১৯৭৪ সালের ২০ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন না। হলফনামা ও নথিপত্রের মাধ্যমে তাঁর এ বক্তব্য সমর্থিত।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মঙ্গলবার জবানবন্দি দেওয়া শেষ করেন সাকা। এ নিয়ে তিনি নয় কার্যদিবস জবানবন্দি দিলেন। তাঁকে জেরা শুরু করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম।জবানবন্দিতে সাকা চৌধুরী দাবি করেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ‘নির্যাতনের’ (পারসিকিউশন) পৃষ্ঠপোষকতা করছেন কয়েকজন প্রত্যাখ্যাত ও ব্যর্থ কমিউনিজমপ্রেমী, যাঁরা ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে দেশকে মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের—এ দুই শ্রেণীতে ভাগ করতে চাচ্ছেন।সাকা চৌধুরী জবানবন্দি দেওয়া শুরু করলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, আসামি ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে জবানবন্দি দিচ্ছেন না। এতে ট্রাইব্যুনালের সময় নষ্ট হচ্ছে। সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ‘উনি তো অভিযোগের ওপর সাক্ষ্য দিচ্ছেন। আপনারা বারবার বাধা দিয়ে সময় নষ্ট করাচ্ছেন।’পরে সাকা চৌধুরী তাঁর জবানবন্দিতে তাঁর নির্বাচনের প্রসঙ্গ টেনে আনলে প্রধান কৌঁসুলি আবার বলেন, ‘আমরা তো তার সংসদ সদস্যপদ নিয়ে চ্যালেঞ্জ করছি না। তাহলে তিনি কেন আমাদের নির্বাচনের গল্প শোনাচ্ছেন?’ সাকা চৌধুরী বলেন, ‘আমিও আপনার চিফ প্রসিকিউটরের পদ চ্যালেঞ্জ করছি না। আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আর আমি কিছু বলতে পারব না?’জেয়াদ-আল-মালুম বলেন, ‘অপরাধ করলে তো ফাঁসিকাষ্ঠে দাঁড়াতেই হবে।’ সাকা চৌধুরী বলেন, ‘কোনো একসময় যে আপনারা ফাঁসিকাষ্ঠে দাঁড়াবেন না, তার কোনো নিশ্চয়তা নেই।’মামলার কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন সাকা চৌধুরীকে আবার জেরা করবে রাষ্ট্রপক্ষ।