আপনি এত সুন্দর...আমার দম বন্ধ হয়ে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরীদের দিকে তাকালে অনেকেই হতভম্ব হয়ে যান। কী করবেন ঠিক বুঝে উঠতে পারেন না। আর এই না বুঝে উঠতে পারার কারণে নিজের অজান্তেই অনেককে বলতে দেখা যায় অবান্তর কথা। যেমনটা শ্রীলঙ্কার মন্ত্রী কুমারা বেলগামার ক্ষেত্রে ঘটেছে। সাবেক মিস শ্রীলঙ্কা ও মিসেস ওয়ার্ল্ড রোজি সেনানায়েকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পার্লামেন্টে তাঁর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি মন্ত্রী কুমারা বেলগামা; বরং তিনি পার্লামেন্টের বাইরে একান্তে তাঁর প্রশ্নের জবাব দিতে চেয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ উঠেছে।‘ডেইলি মেইল’-এর খবরে বলা হয়, ৫৪ বছর বয়সী সাবেক মিস শ্রীলঙ্কা ও মিসেস ওয়ার্ল্ড রোজি সেনানায়েক মালয়েশিয়ায় শ্রীলঙ্কার হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। পার্লামেন্টে তিনি পরিবহনমন্ত্রী কুমারা বেলগামার কাছে দেশটির পরিবহন বোর্ড সম্পর্কে জানতে চান। এ সময় ওই মন্ত্রী পার্লামেন্টে সবার সামনে দাঁড়িয়ে বলেন, ‘আপনি এত সুন্দর যে, জবাব দিতে আমার দম বন্ধ হয়ে আসছে।’মন্ত্রী কুমারা বেলগামা রোজি সেনানায়েকের প্রশ্নের জবাবে বলেন, ‘১৯ বছর ধরে এমপি হিসেবে দায়িত্ব পালন করলেও আজ আমার জন্য একটা আনন্দের দিন। এত সুন্দর এক নারী প্রশ্ন করায় আমি খুব আনন্দিত। আপনি খুব আকর্ষণীয় একজন নারী। আপনার প্রতি আমার অনুভূতি এই মুহূর্তে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি পার্লামেন্টের বাইরে আমার সঙ্গে দেখা করেন, তাহলে আমি এই অনুভূতি ব্যাখ্যা করব।’এ প্রসঙ্গে সাবেক এই বিশ্বসুন্দরী বলেন, ‘ওই মন্ত্রী ইচ্ছে করেই পার্লামেন্টে আমাকে অপমান করেছেন। পার্লামেন্টে রূপ ও নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। তাঁর উচিত হয়নি এ ধরনের মন্তব্য করা। এটা সত্যি যে, আমি এখনো সুন্দরী হিসেবে জনপ্রিয়। কিন্তু আমি তো ২০ বছর ধরে রাজনীতি করি এবং হাইকমিশনার হিসেবে কাজ করছি। সেই হিসেবে আমাকে তাঁর দেখা ও কথা বলা উচিত ছিল।’ তিনি বলেন, ‘আমি যে সুন্দরী এ বিষয়ে আমার কোনো অনুতাপ নেই। এটাই আমাকে আজ এখানে কাজ করার সুযোগ করে দিয়েছে। লিঙ্গবৈষম্য নিয়ে সোচ্চার হতে সাহস জুগিয়েছে।’এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী কুমারা বলেন, ‘আমি নারীদের অসম্মান করি না। আসলে তাঁকে দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে, আমার চিন্তাভাবনাগুলো সব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। আর যে কথাগুলো আমি বলেছি, তা আমি সবার সামনে কখনোই বলতে চাইনি।’রোজি সেনানায়েক ১৯৮৫ সালে মিসেস ওয়ার্ল্ড খেতাব পান। এ ছাড়া তিনি ১৯৮০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন এবং ১৯৮১ সালে মিস এশিয়া-প্যাসিফিক ইন্টারন্যাশনাল খেতাব পান। মালয়েশিয়ায় শ্রীলঙ্কার হাইকমিশনার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। তিনি শ্রীলঙ্কায় নারী অধিকার বিষয়ক আন্দোলনেও সোচ্চার ভূমিকা পালন করছেন।