বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে যে আন্দোলন হচ্ছে, তার মূল দাবি হলো যুদ্ধাপরাধীদের বিচার ও তাদের সর্বোচ্চ শাস্তি। দাবি একটাই—যুদ্ধাপরাধীদের বিচার। আপনি কোন পক্ষে যাবেন, সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে।’আজ শনিবার সকাল নয়টায় মাদারীপুর বিদ্যুত্ উন্নয়ন বোর্ড মাঠে আয়োজিত কবি নজরুল শিশু বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নৌমন্ত্রী বলেন, ‘রাজাকার-আলবদরদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলার তরুণ প্রজন্ম যেমন দাঁড়িয়েছে, সব শ্রেণী-পেশার মানুষ যেমন দাঁড়িয়েছে, আপনাকেও আজকে এই পক্ষ নিতে হবে। কারণ, রাজাকার-আলবদররা ইসলামের নাম ভাঙিয়ে অনৈসলামিক কাজ করছে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মুক্তিযোদ্ধা কমান্ডার খলিলুর রহমান খান প্রমুখ।