আপনি বহু ষড়যন্ত্রের নায়ক: হানিফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমার বক্তব্য প্রত্যাহার করা না হলে নাকি মামলা করা হবে। আমি আবারও বলছি, হেফাজতের কর্মসূচি থেকে আপনি চার কোটি টাকা নিয়েছেন, যা আমি “আমাদের সময়” পত্রিকা থেকে উদ্ধৃতি দিয়েছি। আপনি এর আগে উত্তরা ষড়যন্ত্র করার সময় গ্রেপ্তার হয়েছিলেন। আপনি বহু ষড়যন্ত্রের নায়ক।’আজ বুধবার বেলা একটার দিকে রাজধানীর পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে ঢাকা মহানগর আওয়ামী-যুবলীগ-উত্তর আয়োজিত হরতালবিরোধী প্রতিবাদ সমাবেশে হানিফ এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ভয় দেখিয়ে লাভ নেই। আপনি কী মামলা করবেন? হেফাজতের কর্মসূচি ঘিরে যে তথ্য প্রকাশিত হয়েছে, এর বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, সেটার জন্য অপেক্ষা করুন।’আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন বলছে, তারা হেফাজতে ইসলামের ১৩ দফার সঙ্গে পুরোপুরি একমত নয়। কিন্তু এর আগে সংহতি জানাতে তাদের সমাবেশে তারা উপস্থিত হয়েছিল। আসলে তারা এখন হেফাজতে ইসলামের সঙ্গেও নেই। বিএনপি ষড়যন্ত্রকারী। তাদের সঙ্গে কোনো ষড়যন্ত্রে সুবিধা করতে না পেরে এখন সমর্থন তুলে নিয়েছে। আসলে তাদের কোনো চেতনা নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।হানিফ বলেন, বিএনপির লক্ষ্য একটাই—তা হলো ষড়যন্ত্রের নীলনকশা করে সরকারের পতন ঘটানো।জনগণ বিএনপির অযৌক্তিক ও ধ্বংসাত্মক হরতাল প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, জনগণের স্বাভাবিক কার্যক্রম দেখে সহজে বোঝা যায়, জনগণ তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে। কারণ তারা কী উদ্দেশ্যে হরতাল দিয়েছে, তা জাতির কাছে পরিষ্কার নয়।হানিফ বলেন, ‘বিএনপির হরতালের একমাত্র উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো ও খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্রদের রক্ষা করা। এ কারণে হরতাল দিয়েও তিনি জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। ধ্বংসাত্মক পথ পরিহার করুন।’হানিফ খালেদা জিয়ার কাছে প্রশ্ন রাখেন, বাংলার মানুষ কোন যুক্তিতে আপনাকে ক্ষমতায় আনবে? আপনি ২০০১-০৬ সাল পর্যন্ত কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা, ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছেন, আপনার এই উগ্র জঙ্গিবাদের সাফল্যের কারণে জনগণ আপনাকে ক্ষমতায় আনবে? এ নৈরাজ্য সৃষ্টি করায় অতীতে আপনাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও করবে। আপনার ক্ষমতায় যাওয়ার সাধ পূরণ হতে দেবে না। বাংলার মানুষ আর কখনো আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।হানিফ বলেন, আপনাকে যে বাংলার মানুষ ক্ষমতায় আনবে না, এটি আপনি জানেন। এ জন্য শুরু করেছেন ষড়যন্ত্র। হানিফ ‘ওয়াশিংটন পোস্ট’-এ নিবন্ধ প্রকাশ, জামায়াত-শিবিরকে মদদ দিয়ে এবং হেফাজতে ইসলামকে সমর্থন করে খালেদা জিয়া গভীর ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ আনেন।হেফাজতে ইসলামের উদ্দেশে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক কর্মসূচি তাদের কাছ থেকে কাম্য নয়। ধর্ম এবং হজরত মুহাম্মদ (সা.) নিয়ে যারা কটূক্তি করে, তাদের শাস্তি আমরাও চাই। কিন্তু যখন হেফাজতে ইসলাম ভারতীয় উপমহাদেশে যিনি নবী করিম (সা.) নিয়ে কটূক্তি করেছেন, সেই মওদুদী এবং তাঁর অনুসারী জামায়াত-শিবিরের বিরুদ্ধে শাস্তি দাবি করে না, তখন তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ হয়।’ বিরোধী দলের সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিতে যুবলীগের নেতা-কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, ইসমাইল হোসেন প্রমুখ।