আপনি যতই চেষ্টা করুন যুদ্ধাপরাধীদের বিচার হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনে নামার দায়ে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ এ আন্দোলনে সাড়া দেবে না। যুদ্ধাপরাধীদের বিচার করার জোরদার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা ‘যতই চেষ্টা করুন’ তাদের বিচার হবেই।গতকাল বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকার সাংসদ শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই সেখানে প্রথম সফর।গতকাল বিকেলে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি কলেজের মাঠে স্থানীয় আওয়ামী লীগ ওই জনসভার আয়োজন করে।শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলন করতে চাচ্ছেন। কিন্তু জনগণ তাদের আন্দোলনে সাড়া দেবে না। কারণ, চারদলীয় জোটের দুর্নীতি আর লুটপাটের কথা মানুষ ভুলে যায়নি।শেখ হাসিনা প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘জাতির পিতার হত্যাকারীদের রক্ষার জন্য আপনি চেষ্টা করেছিলেন। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে তাদের সাংসদ বানিয়েছিলেন। কিন্তু রক্ষা করতে পারেননি। এবার যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমেছেন। ...অপরাধীদের বাঁচাবার চেষ্টা করবেন না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মানুষের প্রাণের দাবি। এদের বিচার হবেই। আপনি যতই চেষ্টা করুন।’জনসভায় যোগ দেওয়ার আগে শেখ হাসিনা বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কেন্দ্র এবং কোটালীপাড়া পৌর ভবন উদ্বোধন করেন। স্থানীয় উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। শেখ লুৎফর রহমান কলেজের মাঠ পরিপূর্ণ হয়ে আশপাশের বড় জায়গা মানুষে ভরে যায়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কয়েক কিলোমিটার রাস্তা পতাকা দিয়ে সাজানো হয়। নির্মিত হয় বেশ কয়েকটি সুসজ্জিত তোরণ। স্কুলের শিক্ষার্থীরা পথের দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।ভাষণে প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন সাফল্যের বর্ণনা দেওয়ার পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন সরকার ও এর শীর্ষ নেতৃত্বের ‘দুর্নীতি-লুটপাটের’ ফিরিস্তি তুলে ধরেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কৃতিত্ব দাবি করে তিনি বলেন, আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারার পরিবেশ সৃষ্টি কেবল আওয়ামী লীগ সরকারই করতে পারে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা মানেই দুর্নীতি, লুটপাট আর টাকা পাচার।দুর্নীতি আর মানুষ খুন বিএনপি-জামায়াতের ‘দুই গুণ’ ছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনকল্যাণমূলক কাজ করছে। মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের বিনা মূল্যে বই দেওয়া হচ্ছে। স্নাতক পর্যন্ত বিনা মূল্যে পড়ানোর জন্য তহবিল গঠন করা হয়েছে। কেউ আর নিরক্ষর থাকবে না।’ কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘এখন আমার একটাই লক্ষ্য—দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।’নিজের নির্বাচনী এলাকার মানুষের সামনে কিছুটা আবেগাক্রান্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা, মা, ভাই নেই। কিন্তু আপনারা আমার আপনজন। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, জেলে রেখেছে। কিন্তু মাথানত করিনি। বঙ্গবন্ধুর মেয়ে মাথানত করতে জানে না।’শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে গ্রেনেডসহ বিভিন্ন হামলার বর্ণনা দিয়ে বলেন, এসব তাঁকে বিরত করতে পারেনি। তিনি বলেন, ‘আমি কোনো কিছুর পরোয়া করি না। আমি চাই, মানুষ শান্তিতে থাকবে। দেশ যেন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয়।’শেখ হাসিনা লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজে সম্মান ও মাস্টার্স কোর্স চালু করার আশ্বাস দেন।সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে কিছু চাইলে পাওয়া যায়। খালেদা জিয়া বা অন্য কারও কাছে কিছু পাওয়া যায় না। তিনি বলেন, ‘তারেক ও তাঁর মা ক্ষমতায় এসে যাতে দুর্নীতি ও অর্থ পাচার করতে না পারেন, সে জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ সৈয়দ আশরাফও অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য বিএনপি ‘যুদ্ধাপরাধী জামায়াতকে’ নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, তাদের এ আন্দোলন সফল হবে না। দেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আবুল হাসানাত আবদুল্লাহ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ মো. আবদুল্লাহ, শওকত হোসেন হিরণ, কাজী আকরামউদ্দিন আহমেদ, পঙ্কজ দেবনাথ, চৌধুরী এমদাদুল হক, বিমল কৃষ্ণ বিশ্বাস, অহেদুল ইসলাম হাজরা, শেখ আমিরুজ্জামান প্রমুখ।