বিদায়ী প্রধান বিচারপতির প্রতি অ্যাটর্নি জেনারেল
আপনি সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন
প্রধান বিচারপতিকে বিদায় জানাতে গিয়ে তাঁর কিছু কাজের সমালোচনা করলেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম। বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রপতি তাঁর সঙ্গে পরামর্শ করেই ১৭ জন বিচারক নিয়োগ করেছিলেন। কিন্তু দুজনকে শপথ না পড়িয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। আর সংবিধান লঙ্ঘন অবস্থায়ই তিনি এখন বিদায় নিলেন। তবে বিদায়ী প্রধান বিচারপতি তাঁর বক্তব্যের সময় সরাসরি এর কোনো জবাব দেননি।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নিয়োগপ্রাপ্ত ১৭ বিচারকের দুজনের বিরুদ্ধে যখন কোনো অভিযোগই দৃশ্যমান হলো না, তখন আমরা সবাই আশা করেছিলাম, আপনি (বিদায়ী প্রধান বিচারপতি) ওই দুজনকে শপথ পড়িয়ে আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। কিন্তু তা আপনি করলেন না। প্রধান বিচারপতি হিসেবে সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন। আর লঙ্ঘন করা অবস্থাতেই আপনি চলে যাচ্ছেন। সরকার এ ব্যাপারে আপনার বিরুদ্ধে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নিতে পারত। কিন্তু প্রধান বিচারপতির পদটির মর্যাদার গুরুত্ব বিবেচনা করে সরকার কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছে।’গতকাল বুধবার দুপুরে প্রধান বিচারপতির এজলাস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উভয় বিভাগের বিচারপতি ও সমিতির আইনজীবীরা উপস্থিত ছিলেন। তবে আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল মতিন ও শাহ আবু নাঈম মোমিনুর রহমান উপস্থিত ছিলেন না।বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আমাকে নিয়ে পত্রিকায় বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই সব প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনগুলো খণ্ডনের ব্যাপারে আমার কাছে অকাট্য প্রমাণ থাকলেও প্রধান বিচারপতির পদের মর্যাদা রক্ষার স্বার্থে আমি নীরব ছিলাম।’ তিনি আরও বলেন, ‘দেশে জবাবদিহিমূলক, কার্যকর ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম যে ভূমিকা বর্তমানে পালন করছে, আমাদের অবশ্যই তার প্রশংসা করতে হবে। তবে আমরা প্রায়শ সুপ্রিম কোর্টের ব্যাপারে পত্রিকায় যে প্রতিবেদনগুলো দেখি, তাতে ঘটনার ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ প্রতিফলন দেখতে পাই না।’ তাঁর মতে, বিচারব্যবস্থার নিয়মের পরিপন্থী বলে দেশের অন্য নাগরিকদের মতো বিচারকেরা প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ কিংবা মন্তব্য করতে পারেন না। তাই গণমাধ্যমকর্মীদের প্রতি বিনীত অনুরোধ, সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশের আগে তাঁরা যেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।বিচারপতি ফজলুল করিম বলেন, ‘আমাদের গণতন্ত্র এই ধারণার ওপর প্রতিষ্ঠিত যে, সাধারণ মানুষ তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে, উন্মুক্ত আলাপ-আলোচনার মাধ্যমে ভুলভ্রান্তি থেকে একজন মানুষ বেরিয়ে আসতে পারবে এবং একজনের স্বার্থে সবার স্বার্থ বিঘ্নিত হবে না। কিন্তু প্রতিদিন আমি পর্যবেক্ষণ করেছি, এই ধারণা দূরের মরীচিকার মতো। বর্তমানে আমরা খুব উদ্বেগের সাথে দেখছি বিরুদ্ধ শক্তির মুখে সংযম ও পরমতসহিষ্ণুতার মতো গুণাবলি ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে।’অ্যাটর্নি জেনারেল বিদায়ী প্রধান বিচারপতির সমালোচনা করে আরও বলেন, সাবেক প্রধান বিচারপতির আদেশে আদালতের ব্যবস্থাপনার বিষয়ে যে তদন্ত প্রতিবেদন রয়েছে, তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় ব্যক্তিবিশেষের প্রতি আপনার কি অনুরাগ প্রকাশ পায় না? সর্বোপরি আপনার দুজন সহকর্মী যখন অপমানিত হয়েছেন, তখন আপনার পদক্ষেপে তাঁদের অসম্মানের বোঝা ভারী হয়েছে। তাতে কি তাঁদের প্রতি আপনার বিরাগ প্রকাশ পাচ্ছে না? তিনি বলেন, ‘আমি এ কথাগুলো উল্লেখ না করে থাকতে পারলাম না। তার কারণ, আজ যদি আপনার এই অসাংবিধানিক কাজের উল্লেখ না করি ভবিষ্যতে আপনার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তী প্রধান বিচারপতিও হয়তো নিজের ইচ্ছেমতো শপথ পড়ানো থেকে বিরত থাকবেন এবং তাঁর সাংবিধানিক দায়বদ্ধতা উপেক্ষা করবেন।’অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমাদের আদালতের দুর্নীতির প্রসার ঘটেছে জ্যামিতিক হারে। আইনজীবীদের পেশাগত মানও অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। আদালতে প্রার্থিত আদেশ বা রায় না পেলে আদালতের বিচারক সম্বন্ধে অশালীন মন্তব্য করতে পিছপা হন না এবং অনেক সময়ই দেখা গেছে সৎ, দক্ষ বিচারপতিরাও বিরূপ ও অভাবনীয় পরিস্থিতির শিকার হন। আজ আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হচ্ছে। বেঞ্চ অফিসারদের সম্পত্তির হিসাব চাওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে এ আদালতের মান-মর্যাদা ও সুনাম রক্ষার জন্য তদন্ত প্রতিবেদনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া কি আপনার দায়িত্ব ও কর্তব্য ছিল না?’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দুজন অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ না করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। বিচার বিভাগের স্বাধীনতাকে আরও শক্তিশালী করা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ এক ঐতিহাসিক দৃষ্টান্ত। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, সংবিধান সংবাদমাধ্যমকে স্বাধীনতার যে মৌলিক অধিকার দিয়েছে, তা রক্ষায় আপনি কী দৃঢ় অবস্থান নিয়েছিলেন। সাংবাদিকেরা সম্প্রতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে সরকারের উচ্চ মহল থেকে নানা সমালোচনার সম্মুখীন হচ্ছেন।’রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে গতকাল বঙ্গভবনে বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিদায়ী প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসা করেন।প্রধান বিচারপতি এ সময় জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিচারাধীন মামলা রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির উপায় হিসেবে তিনি বিচারপতিদের দক্ষতা ও সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অনিষ্পত্তিকৃত মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকদের দক্ষতা ও সদিচ্ছার অভাব থাকলে শুধু বিচারকের সংখ্যা বৃদ্ধি করে সুফল পাওয়া যাবে না।যেসব মামলা প্রাথমিক বা অধস্তন আদালতে নিষ্পত্তিযোগ্য, সেসব বিষয় বা মামলা উচ্চ আদালতের পরিবর্তে নিম্ন আদালতে পেশ করলে উচ্চ আদালতে মামলার চাপ কমে আসবে বলে তিনি অভিমত দেন।এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা উপস্থিত ছিলেন।নতুন প্রধান বিচারপতির শপথ: নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আজ শপথ নেবেন। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নতুন বিচারপতিকে সংবর্ধনা জানানো হবে।যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন।