আপস করে টিকে থাকবেন মুরসি!
মিসরে রক্ষণশীল ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মুরসি দেশটির ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁর এ জয়ে অনেকেই গণতান্ত্রিক মিসরের স্বপ্ন দেখছেন। কিন্তু দেশি-বিদেশি বিশ্লেষকেরা বলছেন, মুরসির পথ মোটেও সহজ হবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে তাঁকে সেনাবাহিনীর সঙ্গে আপস-রফার পথ বেছে নিতে হবে। প্রশ্ন উঠেছে, মুরসি আপসে যাবেন, না কঠোর অবস্থান নেবেন, নাকি কৌশলী হবেন? মিসরে মুসলিম ব্রাদারহুডের আত্মপ্রকাশ ১৯২৮ সালে। কট্টরপন্থী নীতির কারণে দীর্ঘ ৮৪ বছরের মধ্যে গোষ্ঠীটি অধিকাংশ সময়ই নিষিদ্ধ ছিল। এতে এই গোষ্ঠীটিকে অনেক দিন ধরে অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করতে হয়েছে। ১৯৫২ সালে তত্কালীন রাজাকে উত্খাত করে দেশটির ক্ষমতায় আসে সেনাবাহিনী। সেই থেকে সেনাবাহিনীর সঙ্গে রক্ষণশীল মুসলিম ব্রাদারহুডের দ্বন্দ্ব চলে আসছে। বিশ্লেষকেরা বলছেন, মুসলিম ব্রাদারহুড-সমর্থিত নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামনের দিনগুলোতে এ দ্বন্দ্বের ধারাবাহিকতার ধকল টানতে হবে।আগে মুসলিম ব্রাদারহুড ছিল ক্ষমতার বাইরে। কিন্তু আপাতদৃষ্টিতে ক্ষমতা এখন তাদের হাতে। তাই মোহাম্মদ মুরসিকে এখন নামতে হবে এক নতুন যুদ্ধে। রাষ্ট্রের ভেতরের প্রতিষ্ঠানগুলোয় সাবেক শাসক হোসনি মোবারক তথা সামরিক বাহিনীর ভূত চেপে আছে। খুব স্বাভাবিকভাবেই মুরসি চাইবেন, তাঁর মতো করে সরকার চালাতে। সেনাবাহিনী চাইবে, তাদের আগের কর্তৃত্ব বজায় রাখতে। এতে তাদের মধ্যে দ্বন্দ্বের আশঙ্কা মোটেও অমূলক নয়। বরং ক্ষমতায় টিকে থাকতে শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতা করতে মুরসি বাধ্য হবেন বলে মনে করেন অনেক রাজনীতি-বিশ্লেষক।হোসনি মোবারকের পতনের পর দেশটির ক্ষমতা যায় সামরিক কর্তৃপক্ষের হাতে। ক্ষমতা কুক্ষিগত করতে প্রথম থেকেই তারা ছিল মরিয়া। এ লক্ষ্যে এরই মধ্যে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই প্রেক্ষাপটে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মোহাম্মদ মুরসি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশ পরিচালনায় তিনি কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে সক্ষম হবেন, তা দেখার বিষয়। মিসর এত দিন উদার মুসলিম রাষ্ট্র বলে পরিচিত ছিল। কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট রক্ষণশীল ঘরানার মানুষ। স্বভাবতই তিনি তাঁর দলের নীতিকে রাষ্ট্রীয় কার্যক্রমে বাস্তবায়ন করতে চাইবেন। কিন্তু এ ক্ষেত্রে সামরিক বাহিনী বাধা হয়ে দাঁড়াতে পারে।মুরসির কিছু উচ্চাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠ সহযোগী দাবি করেছেন, তাঁরা মিসরে ইসলামি শরিয়া আইন প্রবর্তনে অঙ্গীকারবদ্ধ। এটা যদি সত্যি তাঁরা করতে যান, তবে তা দেশটিতে একটা বড় বিভক্তির জন্ম দেবে।সবাই দেখবে, দেশ চালাচ্ছেন মুরসি। ব্যর্থতার অপবাদও উঠবে তাঁর কাঁধে। কিন্তু আড়ালে ক্ষমতার কলকাঠি নাড়বে সামরিক কর্তৃপক্ষ। তারা থাকবে সব সমালোচনার বাইরে।মিসরের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন হবে মুরসির জন্য এটি গুরুত্বপূর্ণ কাজ। ওই সংবিধানে প্রেসিডেন্টের দায়িত্ব সীমা-পরিসীমা এবং রাষ্ট্রীয় কাজে সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে, তা গুরুত্ব পাবে। সংবিধানকে নতুন করে সাজাতে চেষ্টা করবেন মুরসি। কিন্তু সামরিক বাহিনীর হস্তক্ষেপের তা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা আছে। কারণ সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় নিজেদের জোরালো অংশগ্রহণের সুযোগ রেখেছে ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষ। তাই তারা তাদের স্বার্থ সমুন্নত রাখতে সব চেষ্টাই চালাবে। এতে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে মুরসিকে সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতা করতে হতে পারে।ইউরোপিয়ান কাউন্সিলের পররাষ্ট্র সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ ফেলো এলিজা জারওয়ানের মতে, সামরিক কর্তৃপক্ষের সঙ্গে মুরসিকে ক্ষমতার লড়াইয়ে নামতে হবে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাঁর নেওয়া পদক্ষেপকে নিষ্ক্রিয় করার চেষ্টা করবে সেনাবাহিনী। এ ধরনের বাধা তাঁকে বিপদে ফেলতে পারে।সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানিয়েছেন মুসলিম ব্রাদারহুডের কর্মীরা। এ ধরনের সিদ্ধান্ত সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে তাঁদের জন্য কিছুটা সাফল্যও এনে দিয়েছে। তবে গোপনে তাঁরা জেনারেলদের সঙ্গে সমঝোতার চেষ্টা অব্যাহত রাখবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।এ প্রসঙ্গে ব্রুকিং দোহা সেন্টারের পরিচালক সাদি হামাদি বলেন, ‘একটা সমঝোতা যে হতে যাচ্ছে, এ ব্যাপারে কারও সন্দেহ নেই। সুপ্রিম কাউন্সিলের বাহিনীর হাতে এখনো ট্যাংক ও বন্দুক আছে এবং ব্রাদারহুড তা জানে। এর মধ্যে প্রাথমিকভাবে ক্ষমতার অংশীদারির চুক্তি হতে পারে। এখানে দেওয়া-নেওয়ার সমঝোতা হবে।’কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফা কামাল আল-সাঈদ বলেন, ‘তাদের মধ্যে বিবদমান বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর সমাধান অথবা কিছু আপস করাটা মুরসির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এর ব্যতিক্রম ঘটলে তাঁর শাসন ভেস্তে যাবে।’রয়টার্স অবলম্বনে সাইফুল সামিন