১০ জুন পর্যন্ত গণসংযোগ করবে বিএনপি
আপসে বাধ্য হবেন হাসিনা, দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি
কাল সোমবার থেকে ১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জোটের চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, এই সময়ের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করা না হলে ১১ জুন সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়া, ১৮ দলীয় জোটের নেতাদের নামে করা মামলা প্রত্যাহার ও আটক নেতাদের মুক্তির দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করে ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর শাখা।সমাবেশে মওদুদ বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এবং বিএনপির সঙ্গে আপস করতে শেখ হাসিনা বাধ্য হবেন। এটি তিনি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন। একদিন জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী এ বিষয়ে ভাষণ দেবেন এবং বিএনপিকে সংলাপের আহ্বান জানাবেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘তবে দেরি যেন না হয়ে যায়। সময় থাকতে উপলব্ধি করার চেষ্টা করুন।’আগামী নির্বাচন কেমন সরকারের অধীনে হবে—এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমন্বয়হীনতায় ভুগছে মন্তব্য করে মওদুদ বলেন, প্রধানমন্ত্রী বলছেন, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন, অন্তবর্তী সরকার নিয়ে প্রস্তাব থাকলে তা উপস্থাপন করতে। মওদুদ বলেন, ‘তবে মনে হয়, সাধারণ সম্পাদকের কথার কোনো দাম নেই।’জামিন পাওয়া বিএনপির পাঁচ নেতা আগামী কাল বেরিয়ে আসবেন উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহে বাকিদেরও জামিন হবে বলে তিনি আশা করছেন।সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, যুগ্ম মহাসচিব মো. শাজাহান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এম এ সালামসহ ১৮ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।প্রসঙ্গত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ বিভিন্ন দাবিতে ১০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন করে আসছে বিএনপি।