মাছরাঙা টিভিতে শুরু হলো কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘হাউজফুল’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আলমগীর। প্রযোজনা করছেন তোফায়েল সরকার। কথা হলো আলমগীরের সঙ্গে।অনেক দিন পর আবার উপস্থাপনা করছেন?হ্যাঁ, অনেক আগে বিটিভিতে ‘উপহার’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। এরপর আর করা হয়নি। যেহেতু মাছরাঙার এই রিয়েলিটি শোটি চলচ্চিত্র নিয়ে, তাই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে রাজি হয়েছি।‘হাউজফুল’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।বেশ গোছানো একটি কাজ করছি। স্ক্রিপ্ট করা ছিল। এখন পর্যন্ত আট পর্বের শুটিং করেছি। কেমন হয়েছে বলতে পারব না। এতটুকু বলব, অনুষ্ঠানটি যাঁরা দেখবেন, তাঁরা প্রথমেই একটা ধাক্কা খাবেন। কেন এই ধাক্কা খাওয়ার কথা বলছি, তা বুঝতে হলে অনুষ্ঠানটি দেখতে হবে।শুনেছিলাম, আপনি চলচ্চিত্র নির্মাণ করবেন। সবকিছুই চূড়ান্ত করেছিলাম। ছবির স্ক্রিপ্ট পর্যন্ত তৈরি ছিল। কিন্তু অনেকের সঙ্গে কথা বলে আগ্রহ হারিয়েছি। প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক অনেক বিষয় সামনে চলে এল। তখন সিদ্ধান্ত নিলাম, সিনেমা বানাব না। ছবিটি আমার নিজেরই প্রযোজনা করার কথা ছিল। আমরা যেভাবে চলচ্চিত্রে কাজ করেছি আর যে ভাবনা থেকে চলচ্চিত্রটি নির্মাণের কথা ভেবেছি, বুঝেছি তার জন্য এখন সময়টা উপযুক্ত নয়। অভিনয়ের কী খবর?ঈদে দেশ টিভির একটি নাটকে অভিনয় করেছি। এরপর আর করিনি। আর চলচ্চিত্রে অভিনয় করা থেকে বিরতি নিয়েছি। এর আগে যেমন চার থেকে পাঁচ বছরের জন্য চলচ্চিত্রে অভিনয় করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আবারও সেভাবেই সরিয়ে নিচ্ছি। আপাতত চলচ্চিত্রে অভিনয় করছি না। এখন আমাকে বা আমাদের মতো শিল্পীদের যে ধরনের চরিত্রে কাজ করতে দেওয়া হয়, সেখানে কাজ করার আগ্রহ পাই না। আমি তো টাকার জন্য কাজ করি না। ভালো চরিত্র যদি না পাই, কাজ করে যদি সন্তুষ্ট না হই, তবে সেই কাজ করতে চাই না।