আপাতত নতুন কর্মসূচি নেই বিএনপির
এক দিনের হরতাল শেষে আপাতত নতুন কোনো কর্মসূচি দেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। আজ বৃহস্পতিবারের হরতাল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব দাবি করেন, সারা দেশে বিএনপির আড়াই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে। পুলিশের হামলায় হরতালে ৬০০-এর বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে সকালে চার নারী সাংসদকে আটকের ঘটনার নিন্দা জানানো হয়। রিজভী বলেন, ‘যেভাবে টেনেহিঁচড়ে মহিলা সাংসদদের নিয়ে যাওয়া হয়েছে কোনো সভ্য দেশে তার নজির নেই।’দলের বিক্ষোভ কর্মসূচিতে গতকাল বুধবার পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করে আজ সারা দেশে হরতাল ডাকে বিএনপি। পরে রাতে এটিকে ১৮ দলের কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া হরতাল ছিল শান্তিপূর্ণ।