আপাতত পাকিস্তানে ফিরছেন না মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের আশঙ্কা থাকায় সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ শিগগির পাকিস্তান ফিরছেন না।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গতকাল বুধবার পার্লামেন্টে বলেন, দেশের মাটিতে পা রাখামাত্রই মোশাররফকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি বলেন, মোশাররফের বিরুদ্ধে তিনটি মামলা আছে। কাজেই তিনি অবশ্যই গ্রেপ্তার হবেন।এদিকে মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমজাদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, মোশাররফ কবে দেশে ফিরবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই মোশাররফ দেশে ফেরার বিষয়ে ঘোষণা দিতে পারেন। সেটা আজও দিতে পারেন।আমজাদ আরও বলেন, মোশাররফের পরিবার ও দলের নেতারা গতকাল বুধবার এক সভায় সিদ্ধান্ত নেন, এখনই তাঁর দেশে ফেরা ঠিক হবে না। পরে সিদ্ধান্তের বিষয়টি মোশাররফকে জানানো হয়।কিছুদিন আগে মোশাররফ জানুয়ারি মাসের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে স্বেচ্ছানির্বাসন থেকে পাকিস্তানে ফিরবেন বলে ঘোষণা দেন। এর পরই সরকার বলেছিল, দেশে ফেরামাত্রই মোশাররফকে গ্রেপ্তার করা হবে।পাকিস্তানে সরকার, সেনাবাহিনী ও বিচার বিভাগের মধ্যে চলমান ত্রিমুখী সংকট ঘনীভূত হলে শিগগির দেশটিতে সাধারণ নির্বাচন দেওয়ার দাবি তোলে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর তখনই মোশাররফ দেশে ফেরার ঘোষণা দেন।