আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম
বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না। এর আগে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো এবং সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশজুড়ে বিরূপ প্রভাব পড়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার সন্ধ্যায় গণভবনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিদ্যুত্ মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, বিদ্যুতের দাম এখন না বাড়িয়ে সরকার ভর্তুকি দিয়ে বিতরণ কোম্পানিগুলোর ঘাটতি পূরণ করবে বলে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। এর আগে এনার্জি রেগুলেটরি কমিশন বিতরণ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রাহক পর্যায়ে প্রায় চার শতাংশ দাম বাড়ানোর হিসাব-নিকাশ চূড়ান্ত করেছিল। দু-এক দিনের মধ্যে এটি ঘোষণা দেওয়ারও কথা ছিল। কিন্তু আজকের ওই বৈঠকের পর দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়। এখন বিইআরসি বা বিদ্যুৎ মন্ত্রণালয় বিতরণ কোম্পানিগুলোকে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে।