আপাতত বড় কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কঠোর অবস্থানের কারণে সরকারবিরোধী আন্দোলনের পথ থেকে আপাতত সরে এসেছে বিএনপি। দলটি এখন সাংগঠনিক অবস্থার পুনর্গঠনকে বেশি গুরুত্ব দিচ্ছে। দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে মামলা এড়াতে এমন অবস্থান নেওয়া হয়েছে বলে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন।বিএনপির নেতারা জানান, আপাতত বিএনপি বিষয়ভিত্তিক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচি দলের সাংগঠনিক শক্তি ও সদস্যসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে নেতারা আশা করছেন। সরকারদলীয় ও প্রশাসনের হামলা-মামলা এড়াতে বিএনপি আপাতত সরকারবিরোধী কঠোর কর্মসূচির দিকে যাবে না। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এখনই সরকারবিরোধী আন্দোলন না করার কথা জানিয়েছেন। সূত্র জানায়, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটিতে বড় ধরনের কোনো কর্মসূচি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে দল পুনর্গঠন ও নিয়মতান্ত্রিক বিষয়ভিত্তিক কর্মসূচি পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ওই বৈঠকে রমজান মাসের আগে দলীয়ভাবে দুটি কর্মসূচি পালনের ব্যাপারে আলোচনা হয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করতে গিয়ে স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে বলেছেন, সরকারের কঠোর অবস্থানের মধ্যে বড় কর্মসূচি দেওয়া হলে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনা বাড়বে। তা ছাড়া মামলা দিয়ে ঘরছাড়া করা হবে।স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করব। আপাতত বড় কোনো কর্মসূচির দিকে যাব না। পাশাপাশি দলকে আরও শক্তিশালী করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার বিএনপির ওপর আগ্রাসী মনোভাব নিয়ে এগোচ্ছে। এ জন্য বিএনপিকে কৌশলী হতে হবে।বিএনপির কয়েকজন নীতিনির্ধারক ও কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, আপাতত বড় ধরনের কোনো কর্মসূচির মাধ্যমে বিএনপি শক্তি দেখাতে চায় না। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয় ও ২৭ জুনের হরতাল কর্মসূচি সফল হওয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। দলীয় নেতা-কর্মীরাও মনে করছেন, ১১ জানুয়ারির পটপরিবর্তনের পর দলের মধ্যে যে সংকট তৈরি হয়েছিল, তা থেকে বিএনপি বেরিয়ে এসেছে।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘সরকারের এমন কঠোর অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। সরকার ভয়ভীতি দেখানোয় আমরা রাজনীতিবিদেরা চুপ হয়ে যাচ্ছি। কেউ কথা বলছে না। হিসাব করে কথা বলতে হচ্ছে।’ তিনি বলেন, বিএনপির কৌশল ভবিষ্যৎই নির্ধারণ করবে। তবে সরকারের এ আচরণের পরিণতি ভালো হবে না।ঘর গোছানো প্রথম অগ্রাধিকার: বিএনপির সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাহী কমিটির নিষ্ক্রিয় সদস্যদের ব্যাপারে খোঁজ নিচ্ছেন চেয়ারপারসন খালেদা জিয়া। ৩৮৪ সদস্যের নির্বাহী কমিটিকে কার্যকর করার উপায়ও খুঁজছেন তিনি। সে ক্ষেত্রে নির্বাহী কমিটিতে কিছু সদস্যকে বাদ দিয়ে নতুন সদস্য নেওয়া হতে পারে। সূত্র জানায়, সারা দেশে ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে এখনো ১৬ জেলায় সম্মেলন করা সম্ভব হয়নি। এর মধ্যে তিনটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনই করতে পারেনি দলটি। আহ্বায়ক কমিটি দিয়ে চলছে, এমন ১৩ জেলা হলো: সিলেট মহানগর, বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, পটুয়াখালী, পিরোজপুর, নেত্রকোনা, রাজবাড়ী ও কুমিল্লা উত্তর।তা ছাড়া সম্মেলন হয়েছে, এমন ৫৯টি জেলা কমিটির অন্তত ২১টিতে এখনো পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। পাবনা, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে পাল্টাপাল্টি কমিটি হয়েছে। দলের সাংগঠনিক অবস্থার বেহাল দশার কারণে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাউন্সিল হয়নি, এমন জেলাগুলোয় কাউন্সিল করার মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, দলটির গঠনতন্ত্রে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড, ইউনিয়ন/পৌরসভা, থানা/উপজেলা, জেলা, মহানগর কমিটি থাকার কথা বলা হয়েছে। আপাতত এ কাজের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।দপ্তর সূত্র জানায়, এ নিয়ে কেন্দ্র থেকে মোট তিনবার নির্দেশ দেওয়া হলো। প্রথম দফায় ৩১ মার্চের মধ্যে করার নির্দেশ দেওয়া হয়। ওই সময় কাউন্সিল না হওয়া ২২ জেলার মধ্যে ছয়টিতে কাউন্সিল হয়। কয়েকটি জেলায় পূর্ণাঙ্গ কমিটিও গঠিত হয়। এরপর ৩০ জুনের মধ্যে এ কাজগুলো শেষ করার জন্য দ্বিতীয় দফা নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশনার পর নতুন করে আর কোথাও কাউন্সিল হয়নি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, কাউন্সিল না হওয়া জেলাগুলোয় কাউন্সিল অনুষ্ঠান ও অন্য জেলাগুলোয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই সব সাংগঠনিক জেলায় বিএনপির কমিটি হয়ে যাবে। তিনি বলেন, চলমান আন্দোলন কর্মসূচির কারণে কমিটি গঠন সহজ হবে। এতে পরীক্ষিত নেতারা দলের কমিটিতে স্থান পাবেন।গ্রেপ্তার-মামলায় ভীত নেতা-কর্মীরা: হরতালের আগে ২৬ জুন রাজধানীতে ছয়টি গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরীর মতো নেতাদের গ্রেপ্তার করায় দলের সব পর্যায়ের নেতা-কর্মীরা ভীত হয়ে পড়েছেন। তা ছাড়া হরতালের দুই দিন আগে বিএনপির ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে তাঁদের। সাম্প্রতিক সময়ে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের আনাগোনা কমে গেছে।