আপাতত মহাসচিব ছাড়াই চলবে বিএনপির কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত মহাসচিব ছাড়াই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে। কাউকে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব দেওয়ার ব্যাপারেও এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এই সময়টিতে সাংগঠনিক কাজ চালিয়ে নিতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এই নির্দেশ পাওয়ার পর মির্জা ফখরুল তাঁর অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছেন। খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পরদিন থেকেই বিএনপির পরবর্তী মহাসচিব কাকে করা হচ্ছে, এ নিয়ে দলের ভেতর আলোচনা শুরু হয়। সূত্রগুলো জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ পদের জন্য আগ্রহী। এ জন্য তাঁর চেষ্টা-তদবিরও আছে। তবে দলটির নীতি-নির্ধারণের সঙ্গে জড়িত প্রভাবশালী একটি অংশের কাছে মহাসচিব হিসেবে পছন্দ বর্তমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের অনুসারী হিসেবে পরিচিত স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথাও বলছে একটি পক্ষ। এর বাইরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের পক্ষেও কাজ করছেন কিছু নেতা।বিএনপির নীতি-নির্ধারক পর্যায়ের একটি সূত্র জানায়, মহাসচিবের পদটি বেশি দিন শূন্য থাকবে না। দলীয় গঠনতন্ত্রে ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ বা ‘চলতি দায়িত্বপ্রাপ্ত’ বলে কোনো বিধান না থাকায় নতুন মহাসচিব নিয়োগ করা ছাড়া আর কোনো বিকল্প থাকছে না। তবে নীতি-নির্ধারকদের কেউ কেউ বলছেন, দলীয় চেয়ারপারসন চাইলেই গঠনতন্ত্রে ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ রাখার বিধান করতে পারেন। এটা বড় কোনো সমস্যা নয়। একটি সূত্র জানায়, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতাদের একাংশ পরবর্তী মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের নাম অনানুষ্ঠানিকভাবে চেয়ারপারসনের কাছে উপস্থাপন করেছেন। তাঁদের একজন প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুলের ‘ক্লিন ইমেজ’ রয়েছে। এক-এগারোর সময়ও তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ তুলতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার। আবার এর বিপক্ষেও মত রয়েছে। তা হলো, মির্জা ফখরুল এখনো দলের জেলা-উপজেলা পর্যায়ের বেশির ভাগ নেতাকে ভালোভাবে চেনেন না। তাই তৃণমূলের নেতাদের ওপর তিনি এখনো কর্তৃত্ব গড়ে তুলতে পারেননি। খালেদা জিয়া গত শনিবার স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেন। সেখানে মহাসচিব নিয়োগের ব্যাপারে অনানুষ্ঠানিক কিছু আলোচনা হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ প্রতিনিধির সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আগে মহাসচিব অসুস্থ থাকলে যেভাবে দল পরিচালিত হয়েছে, এখনো সেভাবেই সবকিছু চলবে। নতুন মহাসচিব নিয়োগ না হওয়ার ফলে আপাতত কোনো সমস্যা হবে না। সবাই চেয়ারপারসনের নির্দেশ মেনে দায়িত্ব পালন করে যাবে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সবকিছু করা হবে। তবে চেয়ারপারসনের সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপির একটি সূত্র জানায়, দলীয় চেয়ারপারসন ২৯ মার্চ পর্যন্ত সৌদি আরব অবস্থান করবেন। সেখান থেকে ফিরলে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মহাসচিবের মৃত্যুতে বিএনপির শোক কর্মসূচি চলছে। তাই এখনই এটা নিয়ে ভাবার সময় আসেনি। তবে দলের স্বার্থে চেয়ারপারসন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।