আপিল করেছেন কাদের মোল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাদণ্ডাদেশের বিরুদ্ধে গতকাল সোমবার আপিল করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা।এদিকে কাদের মোল্লার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আজ মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে দুপুরে কাদের মোল্লার পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। আপিলে ওই সাজা বাতিল চেয়ে তাঁকে অব্যাহতি দেওয়ার আরজি জানানো হয়েছে বলে জানান তাঁর আইনজীবী ফরিদ উদ্দিন খান।গত রোববার রাষ্ট্রপক্ষ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে। আপিলের শুনানির দিন নির্ধারণের জন্য চেম্বার বিচারপতির আদালতে গতকাল আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘কাদের মোল্লার ব্যাপারে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি। এই আপিল শুনানির তারিখ ধার্যের জন্য চেম্বার বিচারপতির আদালতে দরখাস্ত দেওয়া হয়। চেম্বার বিচারপতি মামলাটি যাতে আগামীকাল (মঙ্গলবার) তালিকাভুক্ত করা হয়, সে মর্মে আদেশ দিয়েছেন। আশা করি, আজ শুনানির দিন ধার্য হবে।’গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে সরকার বনাম আবদুল কাদের মোল্লা নামে ফৌজদারি আপিল (এ) ২৪/২০১৩ শুনানির জন্য আজকের (মঙ্গলবার) দৈনন্দিন কার্যতালিকার ২৭ নম্বর ক্রমিকে রয়েছে।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অপর অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার ২৮ দিনের মাথায় কাদের মোল্লা আপিল করলেন। আইনে রায়ের ৩০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে।আপিলের বিষয়ে ফরিদ উদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। ৯০ পৃষ্ঠার আপিলের সঙ্গে প্রায় তিন হাজার পৃষ্ঠার নথিপত্র দেওয়া হয়েছে। আপিলে ৮৫টি যুক্তি দেওয়া হয়েছে। মূল দুটি যুক্তির একটি হচ্ছে, যে সময় ঘটনা সংঘটিত হয়েছে সে সময় কাদের মোল্লা ঢাকায় ছিলেন না, ফরিদপুরে তাঁর গ্রামের বাড়িতে ছিলেন। সুতরাং তাঁর পক্ষে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করা সম্ভব নয়। সে হিসেবে আসামিপক্ষে সাক্ষ্যও দেওয়া হয়। কিন্তু তা বিবেচনায় নেওয়া হয়নি। পাঁচটি অভিযোগে তাঁকে সাজা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শোনা সাক্ষীর ওপর নির্ভর করা হয়েছে। আমরা মনে করি, শোনা সাক্ষীর ভিত্তিতে এত বড় সাজা দেওয়া সমীচীন হয়নি।’কাদের মোল্লার বিরুদ্ধে এই মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়।