আপিল বিভাগে যাচ্ছেন চার বিচারপতি
হাইকোর্টের চার বিচারপতিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে বলে সরকারের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এই চার বিচারপতি হলেন মোহাম্মদ আনোয়ার উল হক, ছিদ্দিকুর রহমান মিয়া, হাসান ফয়েজ সিদ্দিকী ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তবে গত রাতে আইনসচিব আবু সালেহ শেখ জহিরুল হক প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আদেশ জারি হয়নি।অবশ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, গতকালই এই চারজনের বিষয়ে সারসংক্ষেপ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।নতুন এই চারজনের নিয়োগ হলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ১০ জনে।সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি আনোয়ার উল হক হাইকোটের্র অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ৩ জুলাই। স্থায়ী হন ২০০৩ সালের ৩ জুলাই। ছিদ্দিকুর রহমান মিয়া হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০২ সালের ২৯ জুলাই। তিনি স্থায়ী হন ২০০৪ সালের ২৯ জুলাই। হাসান ফয়েজ সিদ্দিকী অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি। একই বছরের ৩ জুলাই অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কিন্তু তাঁরা নির্দিষ্ট মেয়াদের পর স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত হন। পরে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মার্চ তাঁরা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।