আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আলোচিত অর্ণব হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি ও যাবজ্জীবন পাওয়া দুজনকে বেকসুর খালাসসংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও মোতাহার হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান; বাদীপক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং আসামিপক্ষে আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন ও এস এম শাজাহান মামলা পরিচালনা করেন।মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এ সময় পর্যন্ত মৃত্যুদণ্ড পাওয়া আটক দুই আসামিকে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে।খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি মতিউর রহমান ও সুশীল কুমারের খালাসের রায় স্থগিত করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৮ জুন মুকুল গাজী নামের এক যুবক অর্ণবকে ডেকে নেন। এরপর আট বছরের অর্ণব নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় নিহত অর্ণবের চাচা নিশান চন্দ্র দাস ২১ জুন মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে ২০০৭ সালের ২৮ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। এতে আসামি গোলাম ফারুক ও খলিলুর রহমানকে মৃত্যুদণ্ড এবং সাত্তার সরদার, মতিউর রহমান, সুশীল কুমার রায় ও মুকুল গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।জানা যায়, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) শুনানির জন্য হাইকোর্টে আসে। এর ওপর শুনানি শেষে ২৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন। রায়ে মুকুল গাজী ছাড়া অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বর্তমানে মৃত্যুদণ্ড পাওয়া দুজন কারাগারে ও অন্য তিনজন জামিনে আছেন। তবে মুকুল গাজী পলাতক।