আপিল বিভাগেও এরশাদের সামরিক শাসন অবৈধ
সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ওই সংশোধনীতে এরশাদ সরকারের সামরিক শাসনের বৈধতা দেওয়া হয়েছিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আংশিক মঞ্জুর করে আজ রোববার এ রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। তবে ওই সময় জনস্বার্থে জারি করা সামরিক ফরমান আইন চুক্তির কার্যকারিতা সাময়িকভাবে মার্জনা করা হয়। একই সঙ্গে আপিলকারী সিদ্দিক আহমেদের দণ্ড বাতিল করে জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে প্রচলিত আইনে তাঁর বিচারের নির্দেশ দিয়েছেন আদালত।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ রায়ের পর সামরিক আদালতে সাজাপ্রাপ্তদের জন্য আদালতের দরজা খুলে গেল বলে মনে করি। তাঁরা এখন আদালতে এসে দণ্ডকে চ্যালেঞ্জ করতে পারেন। তবে মামলা থেকে অব্যাহতি পাবেন না। কারণ আইনের আওতায় সবাইকে বিচারের মুখোমুখি হতে হয়। সামরিক শাসনের সমর্থনে ইতিপূর্বে দেওয়া উচ্চ আদালতের দেওয়া রায়ের ভবিষ্যত্ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি হালিমা খাতুনসহ আরও কয়েকটি মামলায় সামরিক শাসনের পক্ষে দেওয়া রায় আপিল বিভাগে রিভিউ করা উচিত।’ এরশাদকে শাস্তি দেওয়া যেতে পারে বলে হাইকোর্টের দেওয়া রায়টি অ্যাটর্নি জেনারেলের নজরে আনা হলে তিনি বলেন, এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পেলে বিষয়টি বোঝা যাবে। আপিলকারীর আইনজীবী সৈয়দ আমিরুল ইসলাম বলেন, ‘এ রায়ে আমরা খুশি। বলা হয়েছে সিদ্দিক আহমেদের মামলাটি সামরিক আদালতে পাঠানোর আগে সাধারণ আদালতে যে অবস্থায় ছিল সেখান থেকেই মামলার কার্যক্রম আবার শুরু হবে।’ কি শর্তে ওই সময়কার কার্যক্রম অতীত বিবেচনায় মার্জনা (পাস্ট অ্যান্ড ক্লোজ) করা হয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় যেসব কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তা পাস্ট অ্যান্ড ক্লোজ। যেমন, কাউকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল, তিনি ইতিমধ্যে ওই সাজা ভোগ করেছেন। তাহলে তা পাস্ট অ্যান্ড ক্লোজ হিসেবে মার্জনা করা হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ২৬ আগস্ট হাইকোর্ট সংবিধানের সপ্তম সংশোধনীকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। ওই সংশোধনীতে হুসেইন মুহম্মদ এরশাদের ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত শাসনকালকে বৈধতা দেওয়া হয়েছিল। এরশাদের শাসনামলে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদের করা রিটের শুনানি শেষে হাইকোর্ট ওই রায় দেন। কিন্তু সিদ্দিক আহমেদের সাজা বাতিল হয়নি। রায়ে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এ নির্দেশ অনুসারে সিদ্দিক ৭ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে কারাবন্দী সিদ্দিক আহমেদ রায়ের কিছু অংশের বিরুদ্ধে ১১ এপ্রিল আপিল করেন। আপিল আবেদনে তাঁর জামিনের আরজিও ছিল। আজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।