আপিল বিভাগের আদেশ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিচারপতি সম্পর্কে স্পিকারের রুলিংয়ের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের করা আবেদনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ উভয় পক্ষের শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। আবেদনকারীর পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার ৩ সেপ্টেম্বর লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। পরে চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা ৩০ সেপ্টেম্বর বিষয়টির শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি আজ আদালতের কার্যতালিকায় এলে এর ওপর শুনানি হয়। একজন বিচারক সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন—স্পিকারের এই রুলিংয়ের আইনগত ভিত্তি নেই বলে হাইকোর্টের দেওয়া রায় ২৭ আগস্ট প্রকাশিত হয়। জাতীয় সংসদে একজন বিচারপতি সম্পর্কে স্পিকারের দেওয়া রুলিং নিয়ে প্রশ্ন তুলে গত ১৮ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন ওই রিট আবেদন করেছিলেন। শুনানি নিয়ে গত ২৪ জুলাই আদালত পর্যবেক্ষণসহ আবেদন নিষ্পত্তি করেন। আর হাইকোর্টের রায় প্রকাশের এক সপ্তাহের মাথায় গত ৩ সেপ্টেম্বর লিভ টু আপিল করে সরকার।