আপিল বিভাগের চার বিচারপতির শপথ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতির শপথ কাল রোববার। তাঁরা হলেন, মোহাম্মদ আনোয়ার উল হক, ছিদ্দিকুর রহমান মিয়া, হাসান ফয়েজ সিদ্দিকী এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।আজ শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তির কথা জানিয়ে তিনি বলেন, কাল রোববার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি চার বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন। গত বৃহস্পতিবার এই চারজন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি আনোয়ার উল হক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ৩ জুলাই। স্থায়ী হন ২০০৩ সালের ৩ জুলাই। ছিদ্দিকুর রহমান মিয়া হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০২ সালের ২৯ জুলাই। তিনি স্থায়ী হন ২০০৪ সালের ২৯ জুলাই। হাসান ফয়েজ সিদ্দিকী অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি। একই বছরের ৩ জুলাই অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কিন্তু তাঁরা নির্দিষ্ট মেয়াদের পর স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত হন। পরে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মার্চ তাঁরা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।