জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলকারী বলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও আপিল বিভাগের অপর দুই বিচারপতির প্রতি অনাস্থা জ্ঞাপন করেছিলেন। অথচ ২৯ নভেম্বর আপিল বিভাগে সেনানিবাসের বাড়ির মামলার শুনানিকালে এসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। সব পক্ষই বিষয়টি এড়িয়ে যায়।তবে খালেদা জিয়ার আইনজীবী রফিক-উল হক এ প্রসঙ্গে আদালতে বলেন, ‘এ বিষয়ে একটি আবেদন আছে। কিন্তু আমি পেশ করব না। এটা করা বিব্রতকর হবে।’ জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘যে বিষয়টি আদালতের সামনে আসেনি, সে বিষয়ে আমাদের বক্তব্য রাখার কোনো সুযোগ নেই।’ অ্যাটর্নি জেনারেল অবশ্য বলেন, ‘পরে আমরা এ ধরনের আবেদনের কথা জানতে পেরেছি।’ তিনি বিরোধীদলীয় নেত্রীর ওই অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করেননি।খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘অনাস্থা-সংক্রান্ত আবেদন আমরা আদালতে পেশ করতে প্রস্তুত ছিলাম। মওদুদ আহমদের ওপর দায়িত্ব ছিল। রফিক-উল হক কথা বলতে চাননি। আমরা বলেছিলাম, এ বিষয়ে মওদুদ কথা বলবেন। আদালত রফিক-উল হককে বলেছিলেন, আপনি কি ওই আবেদন তুলতে বিব্রত বোধ করছেন? কিন্তু মওদুদকে সুযোগ দেওয়া হয়নি।’অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়ার পক্ষে টি এইচ খান, রফিক-উল হক ও মওদুদ আহমদ ২৮ নভেম্বর নতুন করে দুটি আবেদন করেন। এর একটিতে আপিল বিভাগের তিনজন বিচারপতির ওপর অনাস্থা জ্ঞাপন করে লিভ পিটিশন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়। অপরটিতে বলা হয়, ‘আপিল বিভাগ ইতিমধ্যেই আদালত অবমাননাসংক্রান্ত একটি আদেশ দিয়েছেন। তাই আদালত অবমাননা আবেদনের শুনানি নিষ্পন্ন হওয়া পর্যন্ত সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের শুনানি মুলতবি রাখার আবেদন জানাচ্ছি।’উল্লেখ্য, ওই তিন বিচারপতি পঞ্চম সংশোধনী মামলার রায়ে জিয়াউর রহমানকে ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী’ হিসেবে উল্লেখ করেন। খালেদা জিয়া তাঁর লিভ আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদনে উল্লেখ করেন, তাঁর আশঙ্কা তিনি তাঁদের কাছে ন্যায়বিচার পাবেন না।বেগম খালেদা জিয়ার যুক্তি সংক্ষেপে তুলে ধরা হলো। তিনি বলেন, বাংলাদেশ সরকার বেগম খালেদা জিয়াকে চারটি সুনির্দিষ্ট কারণে বাড়িটি ইজারা দিয়েছিল। প্রথমত, দেশ ও জাতির জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল্যবান সেবাদানের বিষয়টি বিবেচনায় নেওয়া। দ্বিতীয়ত, জিয়াউর রহমান উচ্চপদে কর্তব্যরত ছিলেন। তৃতীয়ত, ১৯৮১ সালে একদল দুর্বৃত্ত তাঁকে হত্যা করে তাঁর জীবনপ্রদীপ নিভিয়ে দিয়েছিল। চতুর্থত, প্রয়াত রাষ্ট্রপতির অমূল্য সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ তাঁর পরিবারের তৎকালীন অবস্থা বিবেচনায় নেওয়া হয়েছিল।খালেদা জিয়ার আইনজীবীরা উল্লেখ করেন, আবেদনকারী দেশের বৃহত্তম তৃণমূলভিত্তিক রাজনৈতিক দলের চেয়ারপারসন। তিনি এখন বিরোধী দলের নেতা এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপির প্রতি সারা দেশের জনগণের ব্যাপক সমর্থন ও আস্থা রয়েছে। জিয়াউর রহমান প্রণীত গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত তাঁর দল ইতিমধ্যে তিনবার সরকার গঠন করতে পেরেছে এবং আগামী নির্বাচনের মাধ্যমেও ক্ষমতায় যেতে পারবে বলে আশা করে। জিয়াউর রহমান ছিলেন মহান রাষ্ট্রনায়ক। তিনি একদলীয় শাসন থেকে দেশকে মুক্তি দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা ও অন্যান্য মৌলিক অধিকারসহ সংবিধান পুনরুজ্জীবিত করেছিলেন। চতুর্থ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট নির্বাহী বিভাগের পদানত হয়েছিল। আদালতকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন করেছিলেন জিয়া।আবেদনে বলা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বিচারপতি এ বি এম খায়রুল হক (বর্তমানে প্রধান বিচারপতি) ২৯ আগস্ট, ২০০৫ পঞ্চম সংশোধনীর মামলায় পঁচাত্তরের ১৫ আগস্ট খন্দকার মোশতাক আহমদের অবৈধ ক্ষমতা দখল এবং এর ফলে সংবিধানে লঙ্ঘন ঘটানোর বিষয়টিকে অবৈধ মনে করেন।মোশতাককে জবরদখলকারী বলা বেগম খালেদা জিয়ার মতে দুর্ভাগ্যজনক। প্রধান বিচারপতি সায়েমের প্রধান সামরিক শাসক হওয়া এবং জিয়াকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ দানকে বিচারপতি খায়রুল হক বলেছেন সংবিধানের লঙ্ঘন। বেগম জিয়া বলেছেন এটাও দুর্ভাগ্যজনক। বিচারপতি খায়রুল হক লিখেছিলেন, বিচারপতি সায়েমের মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে সিএমএলের সব ক্ষমতা হস্তান্তর সংবিধানবহির্ভূত ছিল। বেগম জিয়া বলেছেন এটাও দুর্ভাগ্যজনক। বিচারপতি খায়রুল হক বলেছিলেন, বিচারপতি সায়েম জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেন এবং এরপর জিয়া রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। এ দুটোই ছিল আইনগত কর্তৃত্বহীন। পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা সব ফরমান ও সামরিক প্রবিধান অবৈধ ও বাতিল। খন্দকার মোশতাক, সায়েম ও জিয়া অবগত ছিলেন যে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতির পদ গ্রহণ করে তাঁরা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছিলেন। বেগম জিয়া এ কথা উল্লেখ করে বলেন, বিচারপতি খায়রুল হক প্রয়াত জিয়া সম্পর্কে বলেছেন, ‘তিনি যেহেতু সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতি হয়েছেন এবং সংবিধান ও সেনা আইন লঙ্ঘন করে ফরমান জারি করেছেন, তাই আইনের চোখে তা অবৈধ ও বাতিল।’ তাই তিনি মনে করেন, তাঁর কাছে তিনি সুবিচার পাবেন না। বেগম খালেদা জিয়া তাঁর ১২ পৃষ্ঠার আবেদনে বলেন, ১ ফেব্রুয়ারি, ২০১০ আপিল বিভাগ হাইকোর্টের ওই রায়ের কিছুটা পরিমার্জন সাপেক্ষে রায় ঘোষণা করেন। ওই রায়ের অন্যতম স্বাক্ষরদাতা হলেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বেগম জিয়া এ পর্যায়ে যুক্তি দেন, বিচার বিভাগের স্বাধীনতা এবং সুপ্রিম কোর্টের কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্বে তাঁর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে এবং মাননীয় বিচারকদের প্রতি তাঁর সর্বোচ্চ ভক্তি ও শ্রদ্ধা রয়েছে। তিনি বিশ্বাস করেন, জিয়াউর রহমান ‘দেশ ও জনগণের জন্য অমূল্য সেবা’ দিয়েছিলেন এবং তাঁর স্ত্রী হিসেবেই তাঁকে ওই বাড়ি দেওয়া হয়েছিল। কাজেই এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা গ্রহণকারী বলায় এই সিভিল পিটিশন নিষ্পত্তি করা স্বার্থের সংঘাতের মুখোমুখি হয়েছে। তাই আবেদনকারীর গুরুতর আশঙ্কা, এই বিজ্ঞ বিচারকেরা যদি এই আপিল শোনেন, তাহলে তাঁরা ন্যায়বিচার পাবেন না। তাই এই মামলা আপাতত কার্যতালিকা থেকে বাদ দেওয়া হোক।