আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা
‘অনুভূতি অনেক ভালো। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। প্রথম নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলাম। হাইকোর্টেও প্রথম নারী বিচারপতি হিসেবে এসেছিলাম। এবারও আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি হিসেবে এলাম।’এভাবেই নিজের অনুভূতি জানালেন বাংলাদেশে আপিল বিভাগের ইতিহাসে প্রথম নারী বিচারপতি হিসেবে আজ বুধবার শপথ নেওয়া বিচারপতি নাজমুন আরা সুলতানা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি এসব কথা বলেন।বিচারপতি নাজমুন আরা সুলতানা মনে করেন, তাঁর এই নিয়োগ দেশে নারীর ক্ষমতায়নে অবদান রাখবে।বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৭২ সালের জুলাই মাসে ময়মনসিংহ জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর তিনি মুনসেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে এবং দুই বছর পর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিচারপতি নাজমুন আরা সুলতানাসহ হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আজ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তাঁদের শপথবাক্য পাঠ করান।