আপিল বিভাগের রায়ে প্রতিক্রিয়া
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল-সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ আদালত কোনো আইন বাতিল করলে এর অর্থ ওই আইনটি কখনো ছিল না। উদাহরণ দিয়ে তিনি বলেন, সামরিক ফরমান দিয়ে ধর্মনিরপেক্ষতা বাতিল করা হয়েছিল। ওই বিষয়টি বাতিল করা হলো। ফলে ধর্মনিরপেক্ষতা বহাল হবে। সংবিধান সংশোধনের জন্য সংসদে বিল আনতে হবে কি না, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংসদকে অবহিত করতে হবে। বিল আনতে হবে না। এ ক্ষেত্রে পুনর্মুদ্রণ করে সংবিধান প্রকাশ করা যেতে পারে। কিন্তু সংসদীয় বিশেষ কমিটি যদি আরও কিছু সংযোজনের সুপারিশ করে, সে ক্ষেত্রে সংসদে বিল আনতে হবে।ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে হাইকোর্টের রায় বহাল রয়েছে। কাজেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হবে। হাইকোর্টের রায় বহাল থাকায় রাষ্ট্রীয় চার মূলনীতিও ফিরে আসবে।অ্যাটর্নি জেনারেল: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আদালতের রায় বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে এক কথায় বলা যায়, রায় অনুযায়ী সংবিধান পুনর্মুদ্রণ করলেই হয়। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের যে অংশগুলো বহাল রেখেছেন, তাই এখন সংবিধান। তিনি বলেন, ওই রায়ের বাইরে কোনো সংশোধন করতে হলে তা সংসদীয় প্রক্রিয়ায় করতে হবে। সেটা সংসদীয় বিশেষ কমিটির বিষয়।সুরঞ্জিত সেনগুপ্ত: সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায় যেটা, সেটা তো হয়েই গেছে। সংসদকে অবহিত করা ছাড়া সেটা আর সংসদে উত্থাপনের কোনো প্রয়োজন নেই। সংসদকে অবহিত করে ওই রায় অনুযায়ী সংবিধান মুদ্রণ করলেই হয়। তিনি বলেন, কিন্তু আদালতের যেসব পর্যবেক্ষণ বা নির্দেশনা থাকে, সেগুলো বিশেষ কমিটি পর্যালোচনা করে দেখবে যে সংবিধানের আরও কিছু সংশোধনের দরকার আছে কি না। এই পর্যালোচনার জন্য বিশেষ কমিটি একটি ‘স্টাডি গ্রুপ’ গঠন করবে। ‘স্টাডি গ্রুপের’ পর্যালোচনায় যদি আদালতের রায় ছাড়াও সংবিধানের কোনো সংশোধন দরকার হয় তাহলে সংসদীয় প্রক্রিয়ায় তা করার পদক্ষেপ নেওয়া হবে। আরও প্রতিক্রিয়া জানতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা টি এইচ খানের সঙ্গে। তাঁরা বলেন, রায়ের কপি তাঁরা হাতে পাননি। রায় পড়ে প্রতিক্রিয়া জানাবেন।