আপিল শুনানিতে ১০ অ্যামিকাস কিউরি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া অবৈধ ঘোষণা করে ২০০১ সালে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ১০ জন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেওয়া হয়েছে। আদালত একই সঙ্গে আপিলের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই শুনানি মুলতবি করেন।নিয়োগ পাওয়া ১০ জন অ্যামিকাস কিউরি হলেন: টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী, রোকনউদ্দিন মাহমুদ ও তানিয়া আমীর।জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। রায়ে বলা হয়, একমাত্র আদালতই মুসলিম বা অন্য কোনো আইন অনুযায়ী আইন-সংক্রান্ত কোনো প্রশ্নে মতামত দিতে পারেন। কেউ ফতোয়া দিলে তা ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। রায়ে সব মসজিদের ইমামকে শুক্রবার জুমার খুতবায় এবং স্কুল ও মাদ্রাসায় মুসলিম পারিবারিক অধ্যাদেশ নিয়ে আলোচনা করারও সুপারিশ করা হয়। ওই রায়ের বিরুদ্ধে ওই বছরই মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। আবেদনটি গতকাল কার্যতালিকার চার নম্বর ক্রমিকে শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল।আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলারুজ্জামান ও আপিলকারী পক্ষে আইনজীবী মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘ফতোয়া অবৈধ-সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ১০ জন শীর্ষস্থানীয় আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের পেপারবুকসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে আপিলকারীদের বলা হয়েছে। শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।মুফতি মো. তৈয়বের আইনজীবী নজরুল ইসলাম বলেন, আপিলের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।