আপিল শুনানির দিন ধার্য, আদেশ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডাদেশ পাওয়া আবদুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন নির্ধারণে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল গতকাল দৈনন্দিন কার্যতালিকার ২৭ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। সকাল সোয়া নয়টায় এ বিষয়টি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, চেম্বার বিচারপতির আদালতে শুনানির দিন ধার্যের জন্য গত সোমবার আবেদন করা হয়। ইতিমধ্যে আসামিপক্ষও আপিল করেছে। আদালত বলেন, আপিলের সারসংক্ষেপ দেওয়া হয়নি। আরেকটি আপিল করা হয়েছে। অপর পক্ষ উপস্থিত নেই। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের বিধান অনুসারে আপিল দায়েরের সময় রায়সহ সব নথিপত্র জমা দেওয়া হয়েছে। আদালত তখন অপর পক্ষ নেই উল্লেখ করে তাদের অবহিত করতে বলেন এবং রোববার বিষয়টি আদেশের জন্য আসবে বলে জানান।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির দিন ধার্যের জন্য রোববার তালিকায় আসবে। আসামিপক্ষের আপিল শুনানির দিন ধার্যে ওই দিন আরজি জানানো হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ড দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এই দণ্ডাদেশকে অপরাধের তুলনায় লঘু দাবি করে তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজধানীর শাহবাগসহ দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে। একপর্যায়ে সংশ্লিষ্ট আইনে ‘অপর্যাপ্ত’ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার সুযোগ রেখে সংশোধনী আনা হয়। আগে শুধু আসামির খালাসের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ ছিল। পরে ছয়টি অভিযোগে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষ গত রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে। পরদিন রাষ্ট্রপক্ষ আপিল শুনানির দিন ধার্যের জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে কাদের মোল্লার পক্ষে সোমবার সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। আপিলে ওই দণ্ড বাতিল চেয়ে তাঁকে অব্যাহতি দেওয়ার আরজি রয়েছে।