আপিলে ট্রাইব্যুনালের রায় উপস্থাপন শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ আজ ট্রাইব্যুনালের দেওয়া রায় উপস্থাপন শেষ করে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে আজ দুপুর ১২টা ১০মিনিট থেকে বেলা একটা ২৫ মিনিট পর্যন্ত এ শুনানি চলে।রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে অংশ নিয়ে ট্রাইব্যুনালের রায় পাঠ করেন। শুনানির শেষ পর্যায়ে কাদের মোল্লার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক সময় চেয়ে একটি আবেদন দাখিল করার কথা জানান। আদালত বলেন, ‘আবেদন আসুক, শোনা হবে।’এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আদালতে ট্রাইব্যুনালের রায় উপস্থাপন শেষ করেছি। রোববার আবার শুনানি হবে।’কাদের মোল্লার কৌঁসুলি ফরিদ উদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দেশের বাইরে থাকায় ২৪ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে একটি আবেদন করা হয়েছে।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ওই পাঁচটিতে দেওয়া সাজা অপর্যাপ্ত এবং খালাস আদেশ বাতিল চেয়ে সর্বোচ্চ দণ্ডের আরজি জানিয়ে ৩ মার্চ আপিল করে রাষ্ট্রপক্ষ। কারাদণ্ডাদেশ বাতিল করে খালাসের আরজি জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রাখা হয়।