আপিলে রাষ্ট্রপক্ষে থাকবেন আইনজীবী সৈয়দ আমিরুল
আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে উল্লেখ করে নিয়োগ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করা সব আপিল মামলায় রাষ্ট্রপক্ষ থেকে পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় (আর্থিক সুযোগ সুবিধা ব্যতিরেকে) আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলো।এ বিষয়ে সলিসিটর মো. আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ থেকে পরিচালনা করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে সৈয়দ আমীরুল ইসলাম বলেন, নিয়োগসংক্রান্ত চিঠি তিনি হাতে পেয়েছেন। জানা যায়, ১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান সৈয়দ আমীরুল ইসলাম। ২০০৭ সালের ১৩ জানুয়ারি তিনি অবসরে যান। এর পর থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইন পেশায় নিয়োজিত আছেন তিনি।