আপিলে শব্দগত সংশোধনের প্রস্তাব করেছে আইন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিলের ক্ষেত্রে দুটি ধারায় শব্দগত সংশোধনের প্রস্তাব তৈরি করেছে আইন কমিশন। প্রস্তাবে খালাসের সঙ্গে অপর্যাপ্ত সাজার শব্দ দুটি যুক্ত করার সুপারিশ করা হয়েছে।আইন বিশেষজ্ঞরা বলেন, এ প্রস্তাব যথাযথ প্রক্রিয়ায় সংসদে পাস হলে খালাসের পাশাপাশি ট্রাইব্যুনালের দেওয়া অন্য দণ্ড অপর্যাপ্ত মনে হলে বাদী অর্থাত্ রাষ্ট্রপক্ষ আপিল করার সুযোগ পাবে।আইন কমিশনের প্রস্তাব অনুয়ায়ী: ২১ (২) অনুচ্ছেদে খালাস শব্দের সঙ্গে ‘অপর্যাপ্ত সাজা’ শব্দ দুটি যুক্ত করার সুপারিশ করা হয়েছে।আর ২১ (৩) অনুচ্ছেদের দণ্ডের সঙ্গে ‘অপর্যাপ্ত দণ্ড’ শব্দ দুটি যুক্ত করার সুপারিশ করা হয়। যোগাযোগ করা হলে আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, আড়াই বছরের অভিজ্ঞতাতে মনে হয়েছে এই আইনের সংশোধন দরকার। সামাজিক দাবি উঠেছে আইন সংশোধনের। এদিকগুলো মূল্যায়ন করে আইন সংধোশনের সুপারিশ তৈরি করা হয়েছে। আজই তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে তিনি জানান। ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়। খুন, ধর্ষণ ও নির্বিচার হত্যার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। এই রায় ঘোষণার পরপরই তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা রায় প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসেন। কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ছয় দিন ধরে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। স্লোগানে, কবিতায়, বক্তৃতায়, প্রতিবাদে ছয় দিন ধরে ওই মঞ্চ উজ্জীবিত। ইতিমধ্যে তারুণ্যের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরাও এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন।রায়ের পরপরই রাষ্ট্রপক্ষ আপিল করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে জানা যায়, বর্তমান আইনে শুধু যে অভিযোগ থেকে কাদের মোল্লা খালাস পেয়েছেন, একমাত্র তার বিরুদ্ধেই আপিল করতে পারবে সরকার।