আপিলের অনুমতি পেলেন মওদুদ ও মোশাররফ
দুদকের করা মামলার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ তাঁদের লিভ টু আপিল মঞ্জুর করার আদেশ দেন।এ ছাড়া ইতিপূর্বে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ অব্যাহত থাকবে এবং ১০ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীর পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।এর আগে হাইকোর্ট দুদকের করা মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে রায় দিয়েছিলেন। এর বিরুদ্ধে তাঁরা লিভ টু আপিল করেছিলেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ, আহসানুল করিম, এ কে এম এহসানুর রহমান প্রমুখ।জানা যায়, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদক মওদুদের বিরুদ্ধে ওই মামলা করে। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের ওই মামলা বাতিল চেয়ে মওদুদের করা আবেদন গত ৭ অক্টোবর খারিজ করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মওদুদ আহমদ ৯ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত স্থগিতাদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য ১১ অক্টোবর নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। অপরদিকে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলাটি করে। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা বাতিল চেয়ে তাঁর করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৭ আগস্ট হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।