আপিলের ওপর শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ প্রথম দিনের মতো শুনানি নেন।বেঞ্চের অপর পাঁচজন হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহ্াব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।সকালে শুরুতে কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মৌখিকভাবে সময়ের আবেদন জানান। আদালত বলেন, যেহেতু রাষ্ট্রপক্ষ আপিলের বিষয়ে আগে বক্তব্য দেবে, সেহেতু আসামিপক্ষ এমনিতেই সময় পাচ্ছে। সুতরাং আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন নেই।এরপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেন। তিনি কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় উপস্থাপন করেন। মাঝে বিরতি দিয়ে বেলা একটা পর্যন্ত শুনানি চলে। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলাম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছিলাম, ভারতীয় উপমহাদেশে এ ধরনের মামলা আর হয়নি। এ কারণে সময় দরকার। সময় চেয়েছিলাম, আদালত সময় না দিয়ে মামলা শুরু করে দেন।’ তিনি আরও বলেন, ‘এখানে দুটি আপিল হয়েছে। একটি আমরা করেছি খালাস চেয়ে। আর সাজা বাড়াতে আবেদন করেছে সরকার। আমার আপিল শোনার পর সাজা যদি বহাল থাকে, সে ক্ষেত্রে প্রশ্ন আসবে, সাজা বৃদ্ধি করা যায় কি না। আমার মক্কেলের মনে ধারণা হয়েছে, তাহলে তাঁর আপিল খারিজ হয়ে যাবে?’অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘সরকারপক্ষের আপিল আগে দাখিল করা হয়েছে। আসামিপক্ষ পরে আপিল করেছে। এ কারণে কার্যতালিকায় আমাদের আবেদন আগে তালিকাভুক্ত হয়। তাই আদালত আগে আমাদের মামলাটি শুনানির জন্য ডেকেছেন। আগের মামলা আগে শুনানি আপিল বিভাগের নিয়ম।’ তিনি আরও বলেন, ‘আমাদের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। শুনানিতে আদালত ট্রাইব্যুনালের রায় সম্পর্কে অবহিত হতে চেয়েছেন। এ কারণে আমরা রায় পাঠ করছি। রায়ের ৪২৯টি অনুচ্ছেদের মধ্যে ১১৯টি পড়া হয়েছে। কালও (আজ মঙ্গলবার) রায় পড়া হবে।’ চলতি সপ্তাহে সরকারপক্ষের আবেদন উপস্থাপন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ওই পাঁচটিতে দেওয়া সাজা অপর্যাপ্ত বলে এবং খালাস আদেশ বাতিল চেয়ে সর্বোচ্চ দণ্ডের আরজি জানিয়ে ৩ মার্চ আপিল করে রাষ্ট্রপক্ষ। আর কারাদণ্ডাদেশ বাতিল করে খালাসের আরজি জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রাখা হয়।