আপিলের শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেওয়া হতে পারে। আপিলের ওপর রায় অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে দশম দিনের মতো শুনানি হয়।শুনানিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মধ্যে ত্রুটি নেই। কিন্তু ব্যক্তিবিশেষের কারণে এটা সম্পর্কে নানা রকম প্রশ্নে ওঠে। ত্রয়োদশ সংশোধনী প্রয়োজন ছিল, এখনো আছে। এটা যদি পরিবর্তন ও কোনো ধরনের রদবদল দরকার হয়, সেটা সংসদ দেখতে পারে। এটা অবৈধ ঘোষণা করা ঠিক হবে না। এর আগে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন। পরের বছর ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। এ বছরের ১ মার্চ আপিল বিভাগে এ আপিলের ওপর শুনানি শুরু হয়। আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় আট আইনজীবী মতামত দেন।জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তবে রফিক-উল হক ও এম জহির বর্তমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দেন। আজমালুল হোসেন কিউসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা সংবিধানের মৌল কাঠামোর পরিপন্থী। গতকাল আদালতে আপিল আবেদনকারী আইনজীবী এম আই ফারুকী ও মহসীন রশিদ শুনানিতে অংশ নেন। আপিলকারীর পক্ষে ছিলেন নাজনীন নাহার ও মাহবুব-উল ইসলাম। গতকালের শুনানি: মাহবুবে আলম বলেন, জাতির একটি সন্ধিক্ষণে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে, গণতন্ত্রকে সুসংহত করতে ও গণতন্ত্রের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য এই ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছিল এবং সংসদে এটা পাস হয়েছে। তিনি বলেন, ‘স্বল্প সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় গেলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে বলে যে অভিযোগ আনা হয়েছে, এটা ঠিক নয়। প্রজাতন্ত্রের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এটাও ঠিক নয়। গণতন্ত্রের জন্যই এটা করা হয়েছে। যাতে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্যই এটা করা হয়েছে।’অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত নয়, এটা সত্যি। এ কারণে গণতন্ত্র ও প্রজাতন্ত্রের চরিত্র নষ্ট হয়ে যাবে, এটা ঠিক নয়। কারণ তারা নির্বাচন দিয়েই চলে যাচ্ছে। তারা তো ক্ষমতায় থাকছে না। আমাদের মন্ত্রিপরিষদেও দশ ভাগের এক ভাগ সদস্য নির্বাচিত নন। তাতে গণতন্ত্র তো নষ্ট হচ্ছে না।’ তিনি আরও বলেন, ব্যক্তিবিশেষের কারণে এ ব্যবস্থা সম্পর্কে নানা রকম প্রশ্ন ওঠে। জাতিকে ঐক্যবদ্ধ রাখার বৃহত্তর স্বার্থে ভারতের সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেননি—উদাহরণ টেনে মাহবুবে আলম বলেন, ‘আমাদের যে বিচারপতিরা অবসর গ্রহণ করেন, তাঁদেরও বিবেচনায় আনা উচিত যে তিনি জাতির কাছে গ্রহণযোগ্য হবেন কি না।’ দুজন অ্যামিকাস কিউরির বক্তব্য উল্লেখ করে আপিলকারীর আইনজীবী এম আই ফারুকী বলেন, তাঁরা বলেছেন, প্রয়োজনের তাগিদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকতে পারে। পাকিস্তানে বিচারপতি মুনিম একটি মামলার রায়ে প্রয়োজনীয়তার নিরিখে সামরিক শাসনকে বৈধতা দিয়েছিলেন। এটা পাকিস্তানের জন্য বিপর্যয় ডেকে এনেছিল। বাংলাদেশে প্রয়োজনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখা হলে বিপর্যয় নেমে আসবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা নয়। এ ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহির সুযোগ নেই। তাই স্বৈরতান্ত্রিক শাসন আসার সুযোগ থাকে। এর আগে আপিলকারীর অপর আইনজীবী মহসীন রশিদ বলেন, সংবিধান অনুযায়ী দেশের নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে বলা হয়েছে, রাষ্ট্রের সব অঙ্গ নির্বাচন কমিশনকে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করবে।