আপিলের শুনানি শেষ রায় ৩০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। ৩০ এপ্রিল আপিলের ওপর রায় দেবেন আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।পলাতক দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল। চলতি বছরের ১৫ জানুয়ারি আপিলের ওপর শুনানি শুরু হয়। গতকালসহ ১০ দিন শুনানি হয়।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষে এ মামলায় নিয়োজিত প্রধান কৌঁসুলি আনিসুল হক ও দুই আসামির পক্ষে নিযুক্ত আইনজীবী আবদুল্লাহ আল মামুন শুনানি করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও কামরুজ্জামানকে। শুনানিতে আনিসুল হক বলেন, জাতীয় এই চার নেতা এই দিনে (১৭ এপ্রিল) একটি সরকার উপহার দিয়েছিলেন। সেই সরকারই আমাদের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করে। সেই দেশেই জেলখানায় নির্মমভাবে তাঁদের হত্যা করা হয়েছে। কিন্তু ৩৮ বছরেও তাঁদের হত্যার বিচার কেউ পায়নি। সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনায় এটা পরিষ্কার, জাতীয় চার নেতাকে কারা মেরেছে, কোথায় মেরেছে ও কেন মেরেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আসামিদের ক্ষেত্রে হাইকোর্টের দণ্ড বাতিল ও বিচারিক আদালতের রায় বহালের আরজি জানান তিনি।অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট যে দুজন আসামিকে খালাস দিয়েছেন তা আইনানুগ হয়নি। সাক্ষ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, দুই আসামি (মারফত আলী ও আবুল হাশেম মৃধা) রিসালদার মোসলেম উদ্দিনের সঙ্গে বঙ্গভবন থেকে বের হয়েছে। তিনি ওই দুজনের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বলেন, এ মামলায় ষড়যন্ত্র হয়নি বলে বিচারিক আদালত যে রায় দিয়েছেন, তা ভুল। ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। আর ষড়যন্ত্র হয় বঙ্গভবনে। নির্দেশনাও আসে বঙ্গভবন থেকে।দুই আসামির পক্ষে আবদুল্লাহ আল মামুন বলেন, সাক্ষীর বক্তব্যে এসেছে ২ নভেম্বর রাতে বঙ্গভবন ঘেরাও করে রাখা হয়েছিল। ফলে আসামিরা ঘেরাওয়ের মধ্যে ছিলেন। ঘেরাও থেকে কীভাবে হত্যা করে আবার ঘেরাওয়ের মধ্যে ফিরলেন? তিনি দাবি করেন, হাইকোর্টের রায় যথার্থ।ঘটনাপ্রবাহ: ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় পরদিন তৎকালীন উপ-কারামহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) আ. আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রিসালদার মোসলেম উদ্দিনের নাম উল্লেখ করে বলা হয়, তাঁর নেতৃত্বে চার-পাঁচজন সেনাসদস্য কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করেন।২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত জেলহত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আসামি মোসলেহ উদ্দিন, মারফত আলী ও হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়।এ রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ বিষয়ে শুনানি শেষে হাইকোর্ট ২০০৮ সালের ২৮ আগস্ট রায় দেন। রায়ে মোসলেহ উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখা হলেও মারফত আলী ও হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত ১২ জনের মধ্যে চারজন অব্যাহতি পান। এই চারজন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের বঙ্গবন্ধু হত্যা মামলায় পরে ফাঁসি কার্যকর হয়েছে।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করে রাষ্ট্রপক্ষ। ২০১১ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ তা মঞ্জুর করেন। ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে এবং মারফত আলী ও হাশেম মৃধাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তবে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সারসংক্ষেপ জমা দেয় গত বছরের ১ নভেম্বর। এতে আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ও বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার আরজি জানানো হয়। ৪ নভেম্বর শুনানির দিন নির্ধারণের জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।