ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সংসদে পাস (ভিডিও)
আপিলের সমান সুযোগ, বিচার করা যাবে জামায়াতেরও
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচার করা যাবে। অর্থাত্ রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকেও যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের আওতায় আনা যাবে।আজ রোববার জাতীয় সংসদে এ-সংক্রান্ত বহুল আলোচিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল-২০১৩ সংশোধিত আকারে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।আইনটি পাস হওয়ায় ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও মানবতাবিরোধী অপরাধের বিচার করার পথ উন্মুক্ত হলো। এ ছাড়া আইনে সরকার ও বাদী পক্ষের আপিল করার সমান সুযোগের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির কথা বলা হয়েছে আইনে। আইনটি ২০০৯ সালের ১৪ জুলাই থেকে কার্যকর হবে।আগে সরকারপক্ষের শুধু খালাসের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল। আইনে শাস্তি কমানোর জন্য বাদী পক্ষের আপিলের সুযোগ থাকলেও শাস্তি বাড়ানোর জন্য আপিল করার কোনো সুযোগ সরকারপক্ষের ছিল না। এখন যেকোনো রায়ের বিরুদ্ধে সরকার আপিল করতে পারবে।আইনটি পাস হওয়ার মাধ্যমে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের একটি দাবি পূরণ হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়। এ রায় ঘোষণার পরপরই তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা রায় প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে। কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ১৩ দিন ধরে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে তারুণ্যের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে।রায়ের পরপরই রাষ্ট্রপক্ষ আপিল করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে জানা যায়, ওই আইনে শুধু যে অভিযোগ থেকে কাদের মোল্লা খালাস পেয়েছেন, একমাত্র তার বিরুদ্ধেই আপিল করতে পারবে সরকার। এ অবস্থায় বিদ্যমান আইনে সংশোধনীর সিদ্ধান্ত নেয় সরকার।গত সোমবার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী বিলটি উত্থাপন করেন। পরে এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে বিলটি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। রাতেই সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে কমিটি বৈঠকে বসে প্রতিবেদন চূড়ান্ত করে। যাচাইবাছাই শেষে বৃহস্পতিবার সংসদে প্রতিবেদন জমা দেয় আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া প্রতিবেদনটি উপস্থাপন করেন।বিলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার, দণ্ডিত ব্যক্তি ও যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রাখা হয়েছিল। তবে সংসদীয় কমিটি সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখার বিধান বাতিল করে সরকারপক্ষ, বাদী ও বিবাদীপক্ষের আপিলের সুযোগ রেখে প্রতিবেদন তৈরি করে। এ ছাড়া ৬০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করতে হবে।কমিটির সদস্য আবদুল মতিন খসরু জানান, যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখলে যেকোনো মামলায় হাজার হাজার আপিল হতে পারে। এতে পুরো বিচারপ্রক্রিয়া বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে। সে জন্য কমিটি বিধানটি বাতিল করতে বলেছে। কমিটি ২০০৯ সালের যেদিন আইনটি সংশোধন হয়েছিল, সেদিন থেকে কার্যকর করতে বলেছে। আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বিলটি পাসের জন্য আজ রোববার সংসদে উত্থাপন করেন। এ সময় সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা সংসদে উপস্থিত ছিলেন। এই বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর জন্য কেউ কোনো নোটিশ দেননি।বিলে দুইটি সংশোধনী আনেন ওয়ার্কার্স পার্টির সভাপতি মহাজোটের সাংসদ রাশেদ খান মেনন। তিনি আইনের তিন ধারার এক উপধারায় ব্যক্তির পর ‘অথবা সংগঠন’ শব্দ সংযোজনের প্রস্তাব করেন। সংশোধনী প্রস্তাব উত্থাপন করে রাশেদ খান মেনন বলেন, ব্যক্তির পাশাপাশি সংগঠনকে বিচারের আওতায় আনা প্রয়োজন। বাচ্চু রাজাকারের রায়ে বলা হয়েছিল, জামায়াত কীভাবে অপকর্মে সংযুক্ত ছিল। তিনি বলেন, জামায়াত আজ পর্যন্ত একাত্তরের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেনি। বরং যুদ্ধাপরাধের বিচার বন্ধে দলটি সহিংসতা করছে। তাই আইনে ‘ব্যক্তি’র পাশাপাশি ‘সংগঠনকে’ও যুক্ত করা প্রয়োজন।মেননের বক্তব্যের পর আইনমন্ত্রীকে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে স্পিকার আব্দুল হামিদ বলেন, ‘সংবিধানে ৪৭-এর ৩ এ ধারায় সংগঠনের কথা বলা আছে। এখন আইনে “সংগঠন” শব্দটি সংযোজন করা প্রয়োজন কি না, তা দেখা প্রয়োজন।’ তিনি আইনমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি এ বিষয়ে ভালো বুঝবেন। আমি কেবল বিষয়টি মনে করিয়ে দিলাম।’সংবিধানের ৪৭ (৩)-এ বলা হয়েছে, ‘এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য বা অন্য কোনো ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করিবার বিধান-সংবলিত কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না কিংবা কখনো বাতিল বা বেআইনি হইয়াছে বলিয়া গণ্য হইবে না।’পরে রাশেদ খান মেননের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে আইনমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় মহাযুদ্ধের পর নািস পার্টিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। একই সঙ্গে নািস পার্টির সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তাদের বিচারের আওতায় আনা হয়।’এরপর আইনমন্ত্রী বিলটি পাসের জন্য উত্থাপন করলে বিপুল করতালির মধ্য দিয়ে কণ্ঠভোটে তা পাস হয়।সংশোধিত এই আইনের ২১(২) উপধারায় বলা হয়েছে, সরকার বা অভিযোগকারী বা এজাহারকারী রায়ের বা শাস্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করতে পারবে। সংশোধিত আইনের ২১(৩) উপধারায় বলা হয়েছে, এই আইনের ২১(১) ও ২১(২) উপধারা অনুযায়ী দণ্ডাদেশের বা খালাসের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে। এই সময়ের পর কোনো আপিল করা যাবে না।২১(৫) উপধারায় বলা হয়েছে, ‘আপিলকারী যেসব নথির ওপর নির্ভর করেতে চায়, আপিল দাখিলের সময় তা সংযুক্ত করতে হবে।’