একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের পর আপিলের সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হচ্ছে। এ ছাড়া রায়ের দিনই আসামিপক্ষের অনুলিপি (সার্টিফায়েড কপি) পাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।এ-সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (দ্বিতীয় সংশোধনী) আইন, ২০১২ সংশোধনের খসড়া প্রস্তাব গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বর্তমান আইনে ট্রাইব্যুনালে রায়ের পর ৬০ দিন পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। এটা সংশোধন করে সময়সীমা ৩০ দিন করা হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যই এ সংশোধনী আনা হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ জামায়াতে ইসলামীর ছয়জন শীর্ষস্থানীয় নেতা এবং বিএনপির দুই নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। এগুলোর মধ্যে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় বর্তমানে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার রায় চলতি বছরেই হতে পারে।এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে আরও তিনটি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো: ‘গ্রামীণ ব্যাংক (সংশোধিত) আইন, ২০১২’, ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১২’ এবং ‘ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১২’।প্রথম দুটি খসড়াই সম্প্রতি জারি করা দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্য তৈরি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, অধ্যাদেশ আকারে জারি করা আইন জাতীয় সংসদের অনুমোদন নিতে অধ্যাদেশ জারির পর সংসদ অধিবেশনে উপস্থাপন করে আইনে পরিণত করতে হয়।ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক আইন সংশোধন করে গত ২২ আগস্ট একটি অধ্যাদেশ জারি করা হয়। এতে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে প্রক্রিয়া এবং যোগ্যতায় পরিবর্তন আনা হয়।সংশোধিত অধ্যাদেশে এমডি নিয়োগের জন্য বোর্ডের সঙ্গে আলোচনা করে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে চেয়ারম্যানকে। বাছাই কমিটি আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে তিনজনের একটি প্যানেল মনোনীত করে তা ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দেবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এঁদের একজনকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেবে পরিচালনা পর্ষদ।এ ছাড়া মন্ত্রিসভা বিসিকের অধীনে সম্প্রতি শেষ হওয়া চারটি দারিদ্র্য বিমোচন প্রকল্পের সমন্বয়ে একটি ‘ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন’ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।