ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) প্রস্তুত করেছে রাষ্ট্রপক্ষ। এতে হাইকোর্টের রায় বাতিল ও বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার আরজি রয়েছে।এই সারসংক্ষেপ গতকাল বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক। শিগগিরই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সারসংক্ষেপ জমা দেওয়া হবে বলে জানা গেছে।যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘অবকাশ শেষে ৪ নভেম্বর সুপ্রিম কোর্ট খুলবে। এ সময়ের মধ্যে সারসংক্ষেপ সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হবে। শুনানির দিন ধার্য করতে যত শিগগির সম্ভব আবেদন জানানো হবে। এ মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে অন্যদের খালাস দেওয়া হয়েছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’গত বছরের ১১ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ে অব্যাহতি পাওয়া ও পলাতক দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আপিলের সারসংক্ষেপ ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে জমা দিতে বলা হয়। প্রায় ২১ মাস পর রাষ্ট্রপক্ষ সারসংক্ষেপ জমা দিতে যাচ্ছে।সারসংক্ষেপ জমা দেওয়ার আগে আনিসুল হক সাংবাদিকদের বলেন, আদালত ৩০ দিনের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলেছিলেন। সময় বাড়িয়ে নেওয়া হয়। কারণ, এ মামলায় ৬৪ জন সাক্ষী ছিলেন। সারসংক্ষেপ প্রস্তুতের জন্য সাক্ষীদের বক্তব্য পড়া দরকার ছিল। ২৫ পৃষ্ঠার সারসংক্ষেপ সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার মধ্য দিয়ে আপিল শুনানির জন্য প্রস্তুত হয়ে যাবে।সারসংক্ষেপের বিষয়ে আনিসুল হক বলেন, এতে হাইকোর্টের রায় বাতিল চেয়ে ও বিচারিক আদালতের রায় বহাল রাখার আরজি জানানো হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ওপর নির্ভর করে হাইকোর্টে শুনানি হয়। সাক্ষ্য-প্রমাণের বাইরে গিয়ে রায় দেওয়া হয়েছে। ওই রায় বিকৃত ও পক্ষপাতদুষ্ট। যেসব সাক্ষ্য রয়েছে, এর ভিত্তিতে আসামিদের খালাসের সুযোগ নেই। ওই দুই আসামির বিষয়ে তিনি বলেন, তাঁরা জীবিত, তবে পলাতক। তাঁরা আত্মসমর্পণও করেননি।ঘটনাপ্রবাহ: ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। পরদিন তৎকালীন উপ কারা মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় এ ঘটনায় হত্যা মামলা করেন। এর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই মামলার রায় দেন। রায়ে পলাতক আসামি রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টের রায়ে মারফত আলী ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়, মৃত্যুদণ্ড বহাল রাখা হয় মোসলেহ উদ্দিনের। এ ছাড়া অপর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে পৃথক লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ১১ জানুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে এ মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।