আপ্রাণ চেষ্টা করব সংঘর্ষ এড়ানোর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: ১২ মার্চের কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে কিছু বলুন। এই কর্মসূচি থেকে আপনারা সরকার ও জনগণকে কী বার্তা দিতে চাইছেন? মওদুদ আহমদ: ১২ মার্চের কর্মসূচির পটভূমি হলো আমরা সারা দেশে বিভাগীয় শহরে রোডমার্চ করেছি। এতে ব্যাপক সাড়া এবং স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা লক্ষ করেছি। সেখানে আমরা দেশের মানুষের মনের কথাগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার কারণেও মানুষের মনে ব্যাপক ক্ষোভ জমে আছে। সবকিছু মিলিয়ে আমাদের কর্মসূচি অত্যন্ত সফল হয়েছে। এর প্রেক্ষাপটে রাজধানীতে মহাসমাবেশ করা, এরই ধারাবাহিকতায় জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই মহাসমাবেশ। এ মহাসমাবেশের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শুধু ঢাকা মহানগর নয় পুরো দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে শুধু নেতা-কর্মী নয় সাধারণ মানুষ এ সমাবেশে আসার ইচ্ছা রাখে। আমরা মনে করি যদি কোনো বাধা না আসে, অন্তত ৪০ থেকে ৫০ লাখ লোক সমাগম সেদিন হবে।কিন্তু সরকার যে অবস্থা সৃষ্টি করেছে। এমনকি একজন মন্ত্রী বললেন, কোনো অপরিচিত লোকজন দেখলে ওনার নেতা-কর্মীদের বলছেন ধরিয়ে দেওয়ার জন্য। এটা কি রাজনীতি? গণতন্ত্র? তার মানে তারা জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করে দিয়েছে।প্রথম আলো: আপনাদের এটা তো জোটগত কর্মসূচি। এটি সফল করতে শরিক দল বিশেষত জামায়াতের ওপর আপনারা কতটুকু নির্ভর করছেন?মওদুদ আহমদ: জামায়াত তাদের নিজেদের সংগঠনে যতটুকু সাংগঠনিক শক্তি-সামর্থ্য আছে সেটা তারা করবে। এটা একত্রিতভাবে করছি না। বিএনপির আয়োজন অত্যন্ত ব্যাপক।প্রথম আলো: আওয়ামী লীগ র্যালি করল সপ্তাহের কাজের দিনে। এতে নাগরিকদের চরম দুর্ভোগ হয়েছে। আপনারাও কর্মসূচি দিয়েছেন কাজের দিনে। তাহলে নাগরিক দুর্ভোগের বিষয়টি কি আপনাদের বিবেচনায় ছিল না?মওদুদ আহমদ: এটার কোনো বিকল্প নাই। ঢাকাতে এমন অবস্থা জনসভার স্থান নেই। উপায় নেই। সরকার যদি আমাদের আজ মানিক মিয়া এভিনিউ দিত, তাহলে জনগণের ভোগান্তি কম হতো। আমাদের বাধ্য হয়ে দলের অফিসের সামনে রাস্তার ওপর সমাবেশ করতে হবে। প্রথম আলো: অনেক মন্ত্রী-আওয়ামী লীগ নেতা বলছেন, তাঁদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে ১২ মার্চ নাশকতা হতে পারে...মওদুদ আহমদ: এটা তাদের একেবারে কাল্পনিক। এটা তারা করছে অজুহাত খোঁজার জন্য। যাতে মহাসমাবেশ সফল না হয়। নিজেরাই ষড়যন্ত্র করে নাশকতা করে আমাদের ওপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য আগাম তারা এসব বক্তব্য রাখছে। প্রথমে তারা বলছে, ঢাকা দখল করবে। এখানে দখল করার কী আছে। আমরা একটা মহাসমাবেশ ডেকেছি। শান্তিপূর্ণ সমাবেশ হবে। সে অধিকার আমাদের সবারই আছে। কিন্তু তারপর তারা সেখান থেকে সরে গেল। ১২ তারিখ কর্মসূচি তুলে নিল ঠিকই। কিন্তু ১৪ তারিখ কর্মসূচি রেখে দিল। ১১ তারিখ মানববন্ধন আর ৭ মার্চ একটা র্যালি করল। হোটেল সব বুকিং বন্ধ করে দিয়েছে। কমিউনিটি সেন্টারগুলোতে বিয়ের জন্য পর্যন্ত বুকিং দিচ্ছে না। বাসে চড়লে চার্জ করা হচ্ছে। ঢাকায় কেন যাচ্ছ? তাদের এসব কিছুর, এসব বক্তব্যের মানে কি? তারা কি দেশের মানুষকে ভয় পায়। প্রথম আলো: কিছুদিন আগে আপনাদের মুক্তিযোদ্ধা সমাবেশে বোমাবাজি ও হতাহতের ঘটনা ঘটেছিল...মওদুদ আহমদ: সেদিন এ ঘটনার সঙ্গে আমরা জড়িত ছিলাম না। আমাদের সমাবেশ কি আমরা নষ্ট করব?প্রথম আলো: তাহলে ওই দিনের ঘটনা কারা ঘটিয়েছিল?মওদুদ আহমদ: সরকারেরই একটা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী সেদিন সকাল বেলা যা হওয়ার তাই হয়েছে। প্রথম আলো: সরকারের পাশাপাশি আপনাদের তরফ থেকেও বলা হচ্ছে, যেখানে বাধা আসছে সেখানে প্রতিরোধ। আপনাদের দুই দলের এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এটা কীভাবে দেখেন?মওদুদ আহমদ: এর জন্য সরকারই দায়ী। সরকারের ফ্যাসিবাদী মনোভাবের জন্যই এ অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে কী আশা করি। বিরোধী দল সমাবেশ করবে। বাধা কেন দেবে? কিন্তু তারা বাধা দিচ্ছে। সরকারের অবস্থান সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সরকার এটা মারাত্মক ভুল করছে। তারা ১৯৭৫ সালে ২৫ জানুয়ারিতে একদলীয় শাসন করে যে ভুলটা করেছিল, আজকেও তারা একের পর এক সে ধরনের ভুল করে চলেছে। তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ২৫ জানুয়ারির ভুলের পুনরাবৃত্তি করেছে। এ ভুলের মাশুল তাদের দিতে হবে। এ ভুলের কারণে সারা জাতি ক্ষতিগ্রস্ত হবে।প্রথম আলো: ১২ তারিখ ঢাকায় আসার পথে যদি বাধা দেওয়া হয় তাহলে আপনাদের নেতা-কর্মীরা কী করবেন? আপনাদের কেন্দ্রীয় নির্দেশনা কী?মওদুদ আহমদ: আমরা বলেছি যেখানে বাধা দেবে সেখানেই অবস্থান করতে।প্রথম আলো: অবস্থান বলতে...মওদুদ আহমদ: যেখানে বাধা দেবে সেখানেই বসে পড়বে।প্রথম আলো: না, আপনারা বলছেন প্রতিরোধ। সেটা কী রকম হবে?মওদুদ আহমদ: সেটাই প্রতিরোধ। আমরা চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করব সংঘর্ষ এড়ানোর জন্য। কিন্তু একেবারে মাঠ পর্যায়ে যদি কোনো ঘটনা ঘটে, ধরেন পুলিশ পেটানো শুরু করল তখন তো যেটা হয়, মানুষের প্রতিক্রিয়া যা হওয়ার হবে। ওটা তো আমরা আর বন্ধ করতে পারব না। তবে আমাদের নির্দেশনা হলো যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে যেতে হবে। যদি বাধা দেয় সেখানে অবস্থান নিয়ে সেটাকে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করতে হবে। প্রথম আলো: এসব দাবি নিয়ে সংসদে যাওয়ার সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আছে কি না আপনাদের?মওদুদ আহমদ: নীতিগতভাবে আমরা সংসদে ফিরে যেতে চাই। আমরা খুবই ইচ্ছুক। কিন্তু ১২ তারিখের আগে সেটা সম্ভব না। এর আগে যাওয়ার প্রশ্ন ওঠে না। সময় যদি বাড়ায় তাহলে দলীয়ভাবে সংসদে যাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে চিন্তা করব।প্রথম আলো: এটা নিয়ে অনেক সমালোচনা আছে যে অনেক দিন সংসদে অনুপস্থিতির কারণে আপনাদের অনেক সাংসদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। শুধুমাত্র সংসদ সদস্য পদ রক্ষার্থেই আপনারা সংসদে যাওয়ার কথা বলছেন... মওদুদ: নো। তারা এত মেজরিটি পেয়েছে যে তাদের তুলনায় আমরা নগণ্য। কিন্তু সরকার থেকে আমরা আশা করেছিলাম পর্যাপ্ত সময় দেওয়া। তারা সংখ্যা অনুপাতে সময় ভাগ করলেন। তাহলে আমাদের যাওয়া না যাওয়া সমান হয়ে যায়। আমরা যত নোটিশ দিয়েছি একটাও আলোচনার জন্য গৃহীত হয়নি। আরেকটা হলো, আমরা যখনই সংসদে গিয়েছি যে অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখা হয় আমাদের সম্পর্কে, আমাদের নেত্রী সম্পর্কে, আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমান সম্পর্কে কোনো সভ্য সংসদে এ ধরনের বক্তব্য রাখা হয় না। বিরোধী দলের প্রতি অবজ্ঞা, অসম্মানজনক আচরণ—এসব মিলিয়ে সরকার আমাদের বাধ্য করেছে সংসদে না যেতে। এখন আমরা নিজেদের প্রয়োজনে, তবে আসন রক্ষার জন্য নয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে করছি যে এখন আমাদের সংসদে ফিরে যাওয়ার সময় এসেছে।প্রথম আলো: ১২ মার্চের পর কী ধরনের কর্মসূচি আসতে পারে?মওদুদ আহমদ: এ ব্যাপারে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আমি আশা করছি, আগামীকাল (আজ বৃৃহস্পতিবার) আমাদের স্থায়ী কমিটির মিটিং আছে, সে সভায় হয়তো কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।