আফগান গভর্নরের দপ্তরে বোমা হামলায় নিহত ১, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের কার্যালয়ের বাইরে এক বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্তত ১৪ জন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন ডট কম জানায়, গতকাল শনিবার এই বোমা বিস্ফোরণের সময় গভর্নর তুরিয়ালাই ওয়েসা তাঁর দপ্তরে ছিলেন না। কান্দাহার শহরের পুলিশপ্রধান সরদার মোহাম্মদ জাজাই জানিয়েছেন, যে ভবনে গভর্নর ওয়েসার কার্যালয় ও বাসস্থান তার পাশের একটি রাস্তায় বিস্ফোরকগুলো একটি বাইসাইকেলের সঙ্গে বাঁধা ছিল। জুলমাই আইয়ুবি নামে গভর্নরের এক মুখপাত্র জানান, হামলায় পাঁচজন শিশুসহ মোট ১৪ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কাউকে দায়ী করা হয়নি, কিন্তু হামলাকারী হিসেবে তালেবান জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।