আফগান গ্রামে পাকিস্তানের ব্যাপক হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান ও অন্য উগ্রপন্থীদের দমন করতে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের হামলা নতুন কিছু নয়। তবে গত দুদিনে ১৩ জন পাকিস্তানি সেনা তালেবান জঙ্গিদের হাতে নিহত হওয়ার দেশটি সীমান্তের কাছাকাছি আফগান গ্রামগুলোতে ব্যাপক হামলা শুরু করেছে। দৈনিক ডনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী ও আফগানিস্তানের সরকারী কর্মকর্তারা আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানের গোলন্দাজ বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণ ও রকেট হামলা থেকে বাঁচতে গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে এ হামলা চলছে। অনেকদিন ধরে দুই দেশের সরকার পরস্পরকে দোষারোপ করে আসছে যে তারা তালেবানদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে।কুনারের প্রাদেশিক সরকারের মুখপাত্র ওয়াসেফুল্লাহ্ ওয়াসেফ বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে কমবেশি রকেট হামলা চলছে। এখন পর্যন্ত সীমান্তবর্তী দানগ্রাম ও নারি জেলা থেকে ৫০০ পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়েছে।’ আফগানিস্তানের পরিবারগুলোর সদস্য সংখ্যা কমপক্ষে দশ জন। তিনি আরও বলেন, ‘তালেবান জঙ্গিদের হাতে পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকে বোমাবর্ষণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।’ ওয়াসেফসহ অন্য আফগান কর্মকর্তাদের ‘বিশ্বাস’ রকেটগুলো সীমান্তবর্তী পাক সেনাদের ঘাঁটিগুলো থেকে ছোড়া হচ্ছে। তবে পাক সেনাবাহিনী এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।কুনার প্রদেশের শরনার্থী ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ফাজেল নাসেহ্ বলেন, ‘এখন পর্যন্ত দানগ্রাম জেলার ৩৪৩টি এবং নারি ও মারাওয়ারা জেলার ২৭০টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। নারি জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেন। আব্দুল কাদের নামের একজন আফগান নাগরিক আজ মঙ্গলবারে সাংবাদিকদের বলেন, ‘আমরা গরীব মানুষ। আমরা চাই সরকার আমাদের বাঁচাতে ব্যবস্থা নিক।’পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের উপার দির জেলায় তালেবান জঙ্গিদের হামলায় গত দুদিনে ১৩ জন সেনা নিহত হয়েছে। গত রোববার বন্দুকযুদ্ধে নিহত হন ছয়জন। আর বাকি সাতজনকে তালেবানরা জবাই করে হত্যা করে। পাকিস্তানের তালেবান জঙ্গিরা হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।সেনা হত্যার প্রতিবাদে গতকাল সোমবারে পাকিস্তান আফগানিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। ভবিষ্যতে এ ধরনের হামলা যাতে না ঘটে, সেজন্য জরুরি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় পাকিস্তান। দেশটির অভিযোগ বিদ্রোহীরা আফগানিস্তানের পূর্ব সীমান্তে আশ্রয় নিচ্ছে এবং পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে।