আফগান দুষ্কৃতকারীদের কাছে এখনো আটক পাঁচ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজার-ই-শরিফে অপহূত পাঁচ বাংলাদেশিকে মুক্ত করার পাশাপাশি দুষ্কৃতকারীদের হাতে নিহত অন্য বাংলাদেশির লাশ ফিরিয়ে আনতে সরকার তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত ১৭ ডিসেম্বর অস্ত্রধারী একদল আফগান দুষ্কৃতকারী দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সেমহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে এক বাংলাদেশিকে হত্যা করে। আর জিম্মি করে অন্য সাতজনকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের মহাপরিচালক আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অপহূত সাতজন বাংলাদেশির মধ্যে দুজনকে আজ (রোববার) ছেড়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। নিহত বাংলাদেশি কাজী আলতাফ হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি জিম্মি হিসেবে আটক অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সেমহোয়ান করপোরেশনের সহায়তায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জিম্মিদের মুক্তি ও নিহত ব্যক্তির লাশ ফিরিয়ে আনতে সহায়তার জন্য বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে অনুরোধ জানিয়েছে। নিহত ব্যক্তির দেহ আজ সন্ধ্যায় কাবুলে আনা হয়েছে বলে ঢাকার কর্মকর্তারা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর রাত আটটায় মাজার-ই-শরিফে অবস্থিত সেমহোয়ানের অস্থায়ী শিবিরে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন আফগান দুষ্কৃতকারী। সে সময় আন্দখই সড়ক প্রকল্পে কর্মরত ১৭ জন বাংলাদেশি শ্রমিক শিবিরটিতে অবস্থান করছিলেন। হামলার সময় দুষ্কৃতকারীদের গুলিতে প্রাণ হারান এসফল্ট প্ল্যান্টে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী কাজী আলতাফ হোসেন। নিহত আলতাফ পাবনা জেলার অধিবাসী। ওই সময় পালিয়ে যান নয়জন বাংলাদেশি। পরে দুষ্কৃতকারীরা অস্ত্রের মুখে অন্য সাতজনকে জিম্মি করে।