আফগান পুলিশ প্রশিক্ষণ স্থগিত করল যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেনাদের ওপর পরপর কয়েকটি প্রাণঘাতী হামলার পর মার্কিন সেনাবাহিনী আজ রোববার এই ঘোষণা দেয়। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ বলা হয়, প্রশিক্ষণ স্থগিত করার প্রক্রিয়ায় মার্কিন সেনাবাহিনী আফগান পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পরিচয় ও কর্মকাণ্ড যাচাই করে দেখবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কাছে প্রায় এক হাজার আফগান পুলিশ প্রশিক্ষণ নিচ্ছে।আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল টমাস কলিন্স এক বিবৃতিতে আজ বলেছেন, ‘আমাদের আফগান সহযোদ্ধাদের ওপর আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। তবে আমরা মনে করি, আফগান পুলিশ বাহিনীর জন্য নিয়োগ পাওয়াদের পরিচয় ও যোগ্যতা পরিমাপের জন্য এটা একটি আবশ্যক প্রক্রিয়া।’কর্নেল কলিন্স বলেন, স্থগিতের এই প্রক্রিয়া ‘সাময়িক’ হতে পারে। তিনি আরও বলেন, সম্প্রতি অন্তর্ঘাতমূলক হামলার হার বাড়লেও বিশেষ অভিযান বাহিনীতে এদের পরিমাণ খুবই কম। মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে আট ধাপের যে প্রক্রিয়া আছে, তা আরও কঠোরভাবে মেনে চলা হবে।কর্মকর্তারা আরও বলেন, গোয়েন্দা কাজের পরিমাণ বাড়ানো হবে, বিশেষত ছুটি থেকে ফেরার পর সেনাদের ওপর নজরদারি বাড়বে। বাজারে আফগান সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর পোশাক বিক্রিও নিষিদ্ধ করা হবে।ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে কর্মকর্তারা বলেন, আফগান নিরাপত্তা বাহিনীতে সেনা সংগ্রহের হার কমে যাবে, এমন আশঙ্কায় এর আগের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শিথিল করা হয়েছিল।যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জন হারেল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, যাঁদের প্রশিক্ষণ শেষ হয়েছে, তাঁদের নিয়ে অভিযান চালানো অব্যাহত থাকবে এবং নতুন নিয়োগও চলবে। বর্তমানে আফগান পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ১৬ হাজার ৩৮০ জন।‘সবুজ-নীলের লড়াই’সম্প্রতি ন্যাটো বাহিনীর ওপর আফগান পুলিশ বাহিনীর হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। এই হামলাকে ‘গ্রিন-অন-ব্লুূ’ বা সবুজ-নীলের লড়াই হিসেবে অভিহিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ন্যাটো বাহিনীর কোড হিসেবে ‘নীল’ এবং আফগান বাহিনীর জন্য ‘সবুজ’ শব্দটি ব্যবহূত হয়। এ বছর প্রায় ৩০টি সবুজ-নীলের লড়াইয়ে ৪৫ জন ন্যাটো সেনা নিহত হয়েছেন। শুধু আগস্ট মাসেই মারা গেছেন ১৫ জন। তবে নিহত লোকদের অধিকাংশই মার্কিন সেনা।বিবিসির প্রতিবেদনে বলা হয়, তালেবানরা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিজেদের দলে ভেড়াচ্ছে। তারা প্রকাশ্যে ঘোষণা করেছে, ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তাদের রণকৌশলের অন্যতম অংশ হলো এসব অন্তঘাতমূলক হামলা।