আফগান পুলিশের গুলিতে ছয় মার্কিন সেনা নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের পাচির ওয়াগাম জেলায় গতকাল সোমবার এক আফগান পুলিশের গুলিতে ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ন্যাটো কর্মকর্তারা জানিয়েছেন।পাচির ওয়াগামে আফগান সীমান্ত পুলিশের প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ সদস্য নিজেও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত ছয় ন্যাটো সেনার সবাই মার্কিন নাগরিক। তবে এর চেয়ে বেশি কিছু জানাতে তাঁরা অস্বীকৃতি জানান। ন্যাটো বলেছে, ঘটনার তদন্ত হচ্ছে। আফগানিস্তানে দায়িত্বরত ন্যাটোর পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্ত পুলিশের পোশাকধারী এক ব্যক্তি প্রশিক্ষণ চলাকালে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়ক বাহিনীর দিকে তার অস্ত্র তাক করে এবং ছয় সেনা সদস্যকে গুলি করে হত্যা করে। তালেবান জঙ্গিরা এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘বিদেশি সেনাদের হত্যা করার জন্যই ওই বন্দুকধারী সীমান্ত পুলিশে যোগ দিয়েছিলেন। আজ তিনি সুযোগ পেয়েছেন এবং ছয় হানাদারকে হত্যা করেছেন।’ এর আগেও তালেবান জঙ্গিরা পুলিশের বেশে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে দেশি ও বিদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা করেছে। গত সপ্তাহের শেষের দিকে দুই আত্মঘাতী তালেবান জঙ্গি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে একইভাবে হামলা চালিয়ে ১২ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।—বিবিসি।