আফগান বন্দুকধারীর গুলিতে অস্ট্রেলীয় তিন সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল বুধবার আফগান সেনার পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে অস্ট্রেলিয়ার তিন সেনাসদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা নিহত তিন সেনার পরিচয় নিশ্চিত করেছেন। তাঁরা দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে কর্মরত ছিলেন। ওই প্রদেশে প্রায় দেড় হাজার অস্ট্রেলীয় সেনার ঘাঁটি রয়েছে।এ নিয়ে চলতি মাসে বিদেশি সেনাদের ওপর আফগান দুর্বৃত্তদের হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৫। এ ধরনের হামলার ঘটনায় আফগানিস্তানের সঙ্গে দেশগুলোর আস্থার সম্পর্কে ফাটল ধরেছে বলে মনে করছে ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই অভ্যন্তরীণ হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। সময় যত গড়াচ্ছে, ন্যাটো সেনাদের ওপর হামলার ঘটনা বাড়ছে। এতে সেনাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।গতকাল অস্ট্রেলিয়ার সেনাদের ওপর হামলার ঘটনাসহ চলতি বছর ৩৪ বার অভ্যন্তরীণ হামলার ঘটনা ঘটল। এতে ৪৫ জন বিদেশি সেনার মৃত্যু হয়েছে। এর অধিকাংশই মার্কিন সেনা।