আফগান বিচারকের ঘুষ কেলেঙ্কারি
এক নারীর কাছে ঘুষ চেয়ে এবং তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেঁসে গেছেন আফগানিস্তানের এক জ্যেষ্ঠ বিচারক। বিবিসির খবরে আজ বুধবার বলা হয়, তালাক চেয়ে আদালতের শরণাপন্ন হওয়া এক নারীকে যেচে ঘুষ ও বিয়ের প্রস্তাব দেন বিচারক। তবে ওই নারী কথোপকথন গোপনে রেকর্ড করে সংরক্ষণ করেছিলেন।বিচারক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তখন তিনি বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে ঠাট্টা করেছিলেন।বিবিসি বলছে, ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে আফগানিস্তানের বিচারব্যবস্থা গভীর দুর্নীতির মধ্যে তলিয়ে গেছে। বিচারকের দুর্নীতির প্রতিক্রিয়ায় দেশটির দুর্নীতি দমন বিভাগের প্রধান আজিজুল্লাহ লোদিন কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘প্রমাণ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্টকে নিয়ে যৌথভাবে তদন্ত শুরু করব। আমি ব্যক্তিগত উদ্যোগে প্রধান বিচারপতিকে এর (তদন্ত কমিটির) সঙ্গে যুক্ত করতে চেষ্টা করব।’ প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।বিবিসি জানায়, দিওয়া নামের এক নারী দেশটির পূর্বাঞ্চলের জালালাবাদ এলাকার এক আদালতে তালাক চেয়ে মামলা করেন।আদালতের বিচারক জহোরুদ্দিন দিওয়াকে ডেকে নিয়ে জানান, তিনি দিওয়ার বাড়িতে গিয়ে কিছু বিষয়ে আলাপ করতে এবং মামলায় সহায়তা করতে চান। এরপর তিনি দিওয়ার বাড়িতে যান এবং সেখানে ঘুষ চেয়ে বসেন। দিওয়া একসময় বেতার সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। এ সুবাদে তাঁর কাছে রেকর্ড করার যন্ত্র ছিল এবং তিনি বোরকার নিচে লুকিয়ে রেখে সেটির সদ্ব্যবহার করেন। দিওয়া বলেন, ‘যখন তিনি ঘুষ চেয়ে বসেন, তখন আমি কথাবার্তা রেকর্ড করতে থাকি।’৬৫ বছর বয়সী বিচারক জহোরুদ্দিন মামলার রায় দিওয়ার পক্ষে দেওয়ার জন্য ঘুষ হিসেবে নিজের জন্য ২০ হাজার আফগানি (প্রায় ৩০ হাজার টাকা) এবং আরেক বিচারককে প্রভাবিত করার জন্য এক লাখ আফগানি (প্রায় এক লাখ ৫৪ হাজার টাকা) চান।এত টাকা দেওয়া অসম্ভব, এমনটি জানালে বিচারক দিওয়াকে ভিন্ন প্রস্তাব দেন। রেকর্ডে শোনা গেছে, যদি দিওয়া বিচারককে বিয়ে করতে রাজি হন, তবে তিনি দিওয়ার আর্থিক সমস্যার সমাধান করে দেবেন। তিনি বলেন, ‘আমি তোমাকে বিশ লাখ (আফগানি) দেব, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব সোনায় মুড়িয়ে দেব।’জহোরুদ্দিন যখন এ প্রস্তাব দেন, তখন দিওয়ার মা-ও সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।জহোরুদ্দিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কণ্ঠ কাটছাঁট করে সাংবাদিক দিওয়া একটি নকল কথোপকথন তৈরি করেছেন। তিনি বলেন, এটি তাঁর ‘প্রতিদ্বন্দ্বী বিচারক ও প্রাদেশিক সরকারের প্রতিনিধিদের কারসাজি’। তাঁর পদোন্নতি ঠেকাতেই তাঁরা এ কাজ করেছেন।বিয়ের প্রস্তাব বিষয়ে তিনি বলেন, তখন তিনি খোশমেজাজে ছিলেন এবং দিওয়া যখন বলেন, এরপর আর কেউ তাঁকে বিয়ে করবে না, তখন তিনি দিওয়াকে ঠাট্টা করে বিয়ের প্রস্তাব দেন। তবে রেকর্ডে দেখা গেছে, ১৫ মিনিটের কথোপকথনে জহোরুদ্দিন দিওয়াকে ১৫ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন।