আফগান বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০, আহত ৭৭
বিদ্রোহীদের শক্ত ঘাঁটি দক্ষিণ আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৭৭ ব্যক্তি আহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী অনুষ্ঠানের কেন্দ্রস্থলে ঢুকে পড়ে, যেখানে কয়েক শ লোকজন বসেছিল এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।’ ঘটনাটি ঘটে গতকাল বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে কান্দাহার শহর থেকে ১২ মাইল উত্তরে আরঘান্দাব জেলায়। উল্লেখ্য, আগামী কয়েক মাসে কান্দাহার থেকে তালেবানদের নিশ্চিহ্ন করতে বিদেশি সেনারা সেখানে একটি ব্যাপক অভিযানের পরিকল্পনা করছেন।ন্যাটোর একজন মুখপাত্র বলেন, তাঁরা বিস্ফোরণটি সম্পর্কে ওয়াকিবহাল এবং হামলাটির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় নিরাপত্তা বাহিনীগুলোকে সাহায্য করেন।মুখপাত্রটি আরও বলেন, ‘এটা আফগানদের নিজেদের বিষয়।’যদিও জেলাটি তালেবানদের একটি ঘাঁটি কিন্তু অনুষ্ঠানে উপস্থিত পরিবারগুলোর সঙ্গে প্রশাসন বা নিরাপত্তা বাহিনীগুলোর কোনো সম্পর্কই ছিল না।