আফগান মায়েদের জন্য আশার আলো (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষায় উন্নতির ফলে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থান থেকে এক ধাপ এগিয়েছে আফগানিস্তানের নারীরা। মা ও শিশু উন্নয়নমূলক সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।রয়টার্স জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলে নবজাতকদের জন্য একটি বিশেষ সুরক্ষা ইউনিট খোলা হয়েছে। একটি বেসরকারি সংস্থা পরিচালিত এই ইউনিটটি দেশটিতে মা ও শিশুর উন্নতির একটি সূচক।গত দুই বছর ধরে সেভ দ্য চিলড্রেনের মাতৃত্ব সূচকে মায়েদের জন্য সবচেয়ে বাজে দেশ বিবেচিত হয়েছে আফগানিস্তান। তবে সর্বশেষ প্রতিবেদনের কথা উল্লেখ করে সংগঠনটি জানিয়েছে, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় উন্নতির ফলে সবচেয়ে বাজে অবস্থান থেকে এক ধাপ এগিয়েছে দেশটি। কাবুলে দায়িত্বরত সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা র্যাচেল ম্যারান্টো জানান, আফগানিস্তানে মা ও শিশুদের উন্নতি হয়েছে। ১০ বছর আগে একজন মেয়েও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিত না। অথচ বর্তমানে ২৫ লাখ মেয়ে স্কুলে যাচ্ছে। আরও বেশি সংখ্যক মেয়েরা স্কুলমুখী হচ্ছে। এটা অনেক বড় অর্জন। জানা যায়, তালেবান শাসনামলে সাধারণ হাসপাতালগুলোতে নারীদের যেতে দেওয়া হতো না। এমনকি স্বামীর কোনো আত্মীয় ছাড়া নারীরা বাড়ির বাইরেও যেতে পারতেন না। বর্তমানে অবস্থা পাল্টেছে। এতসব উন্নতি সত্ত্বেও মায়েদের জন্য আফগানিস্তান এখনো অসুবিধাজনক স্থান। বিশেষত গ্রামাঞ্চলের নারীরা এখনো তালেবান শাসনামলের অবস্থাতেই রয়েছে। দেশটি এখনো ব্যাপক মাত্রায় অপুষ্টি ও প্রবৃদ্ধিজনিত সমস্যায় জর্জরিত। সেভ দ্য চিলড্রেনের মতে, প্রতিদিন আফগানিস্তানে ২৭৫টি শিশু মারা যায়। শিশু উন্নয়ন সূচকে সবচেয়ে বাজে অবস্থানে থাকা আফগানিস্তানের স্থানটি এবার দখল করেছে আফ্রিকার রাষ্ট্র নাইজার।