আফগান যুদ্ধের পরিণতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আফগানিস্তানে চলতি গ্রীষ্মে ন্যাটোর আরও অনেক সেনা নিহত হবে। মার্কিন সহযোগিতা গ্রহণের পরও প্রকাশ্যে জঙ্গিদের মদদদাতা হিসেবে পাকিস্তানের নাম জড়িয়ে নতুন খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।সম্প্রতি উইকিলিকসের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআইর শীর্ষ কর্মকর্তারা সরাসরি তালেবানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তাঁরা কৌশলে গোপন অধিবেশনের মাধ্যমে মার্কিন ও ন্যাটো সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে জঙ্গিদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। উইকিলিসের বরাত দিয়ে টাইমস আরও জানিয়েছে, কিছু দিন আগে এক আফগান নেতার হত্যাকাণ্ডের সঙ্গে আইএসআই জড়িত ছিল। উইকিলিসের সেই প্রতিবেদনটি প্রায় ৯১ হাজার বিভিন্ন তথ্যসংবলিত। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীর সদস্যদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়। তবে হোয়াইট হাউস উইকিলিসের এ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে। তাঁরা বলেছে, এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমেরিকার জনগণ বিপদে পড়বে। পাকিস্তানও উইকিলিসের প্রকাশিত এ প্রতিবেদনকে অপ্রক্রিয়াগত হিসেবে উল্লেখ করে বলেছে, যুদ্ধের সময় এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা একপ্রকার দায়িত্বহীনতা।২০০২ সাল থেকে আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধ চললেও সম্প্রতি দেশটিতে সহিংসতা অনেকটাই বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত নভেম্বর মাসে আফগানিস্তানে অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেন। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, আফগানিস্তানে সম্প্রতি তালেবান তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি আশঙ্কা করছেন পরবর্তী কয়েক মাস আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধ কঠিনতর হয়ে উঠতে পারে। তবে ওয়াশিংটনের উদ্দেশ্য চলতি বছরের শেষ দিকে জঙ্গিদের বিরুদ্ধে একটি চূড়ান্ত অবস্থানে পৌঁছান।