আফগান শান্তি আলোচনায় পাকিস্তান নেতৃত্ব দেবে না (ভিডিও)
তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সরকারের শান্তি প্রচেষ্টায় পাকিস্তান যেকোনো ধরনের সাহায্য দিতে প্রস্তুত। তবে ওই শান্তি আলোচনায় পাকিস্তান নেতৃত্ব দেবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হিনা রাব্বানি বলেন, তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সরকারের রাজনৈতিক সমঝোতা প্রচেষ্টার অংশ হিসেবে ওই শান্তি আলোচনায় পাকিস্তান সব ধরনের সাহায্য দেবে, তবে নেতৃত্ব নয়।
রয়টার্সের এক ভিডিও চিত্রে হিনা রাব্বানি বলেন, ‘আফগান নেতৃত্বাধীন এবং আফগানদের মধ্যস্থতায় সব ধরনের প্রচেষ্টায় পাকিস্তান যেকোনো সাহায্য দেবে। শান্তি আলোচনার ব্যাপারে এটাই আমাদের প্রথম ও শেষ পূর্বশর্ত।’ তিনি আরও বলেন, ‘আমরা নেতৃত্ব দেব না, দিতে পারি না। আমরা এ ব্যাপারে আমাদের আফগান ভাই-বোনদের সিদ্ধান্ত অনুসরণ করব মাত্র।’এদিকে পাকিস্তান বরাবরই বলে আসছে তারা আফগানিস্তানে শান্তি চায়। আফগানিস্তানের চোখে পাকিস্তানের মতি-গতি সন্দেহজনক। দেশটি মনে করে, পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে তালেবানের মতো জঙ্গিগোষ্ঠীর সখ্য রয়েছে। গত মাসে তালেবান জঙ্গিরা কাতারে একটি রাজনৈতিক দপ্তর খোলার ঘোষণা দেয়।