আফগান সেনার হাতে দুই ন্যাটো সেনার মৃত্যু
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে আজ সোমবার আফগান সেনাবাহিনী ও ন্যাটো বাহিনীর দুটি ছোট দলের মধ্যে সংঘর্ষে দুজন ন্যাটো সেনা নিহত হয়েছেন। ন্যাটো কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, একজন ‘বেয়াড়া’ আফগান সেনা গুলি করে দুজন ন্যাটো সেনাকে হত্যা করেছেন। দুই বাহিনীর মধ্যে অন্তর্কোন্দল বন্ধে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সহকারী চিফস অব স্টাফ মার্টিন ডেম্পসির আফগানিস্তান সফরের পর আজ এ ঘটনা ঘটল। আফগান বাহিনীর হাতে ন্যাটো সেনা হত্যা বন্ধে আফগানিস্তান কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।গত এক মাসে প্রদেশটিতে ১২ জন বিদেশি সেনা প্রাণ হারালেন। এর ফলে নিরাপত্তা-ব্যবস্থা আরও দৃঢ় করার সিদ্ধান্ত নেওয়ার জন্য ন্যাটো বাহিনীর ওপর চাপ তৈরি হয়েছে। ঘাঁটিতে দায়িত্বরত থাকার সময়ও সেনাদের অস্ত্র নিয়ে তৈরি থাকতে হবে।ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (ইসাফ) এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনার প্রতিক্রিয়ায় ইসাফের সেনারাও আনার (আফগান ন্যাশনাল আর্মি) ওই সেনাকে গুলি করে হত্যা করেছে।’ এ বছর দুই বাহিনীর মধ্যে ৩৩টি সংঘর্ষে এ পর্যন্ত ৪২ জন সেনা নিহত হয়েছেন। ২০১১ সালে এ ধরনের ঘটনায় নিহত সেনার সংখ্যা ছিল ৩৫, যাঁদের ২৪ জনই ছিলেন যুক্তরাষ্ট্রের । আফগান সরকার গত বুধবার ঘোষণা করেছে, ন্যাটো সেনাদের ওপর এসব অনাকাঙ্ক্ষিত হামলা বন্ধে কর্তৃপক্ষ সাড়ে তিন লাখ সেনা ও পুলিশ সদস্যের নথিপত্র পুনরায় ঘেঁটে দেখবে। তবে এসব হামলা উসকে দেওয়ার পেছনে ‘ভিনদেশি গুপ্তচরদের’ হাত আছে বলে অভিযোগ করেছে সরকার।